উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা একদিনের আন্তর্জাতিক (ODI) বিশ্বকাপের ফাইনালে নামার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে শুধু বিশ্বজয়ের হাতছানি নয়, রয়েছে এক বিরাট আর্থিক প্রাপ্তির সুযোগও। যদি হরমনপ্রীত কাউরের নেতৃত্বাধীন ‘উইমেন ইন ব্লু’ রবিবার নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি ঘরে তোলে, তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) পুরুষ দলের সমান বিশাল অঙ্কের পুরস্কারে তাদের সম্মানিত করতে প্রস্তুত।
বিসিসিআই-এর প্রাক্তন সচিব এবং বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শা-এর প্রস্তাবিত ‘সমান বেতন’ (equal pay) নীতির ফলে এবার মহিলাদের জন্য এক ঐতিহাসিক পুরস্কারের ভাবনা চিন্তা করছে বোর্ড। সূত্রের খবর, বিশ্ব চ্যাম্পিয়ন হলে মহিলা দলকেও সেই একই পরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে, যা গত বছর আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মার নেতৃত্বাধীন পুরুষ দলকে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ১২৫ কোটি টাকা দিয়ে সম্মানিত করা হয়েছিল পুরুষ দলকে।
প্রসঙ্গত, ২০১৭ সালে লর্ডসে ইংল্যান্ডের কাছে ৯ রানে মহিলা বিশ্বকাপ ফাইনালে পরাজিত হওয়ার পর বিসিসিআই সেসময় দলের প্রত্যেক সদস্যকে ৫০ লাখ টাকা করে পুরস্কার দিয়েছিল। এছাড়া তৎকালীন কোচ তুষার আরোথে-সহ অন্য সাপোর্ট স্টাফরাও বিপুল অর্থ পেয়েছিলেন।
তবে এবারের পরিস্থিতিতে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। যদি ভারতীয় মহিলা দল ইতিহাস রচনা করে, তবে আট বছর আগের তুলনায় প্রত্যেক ক্রিকেটারের জন্য পুরস্কারের অঙ্ক দশ গুণ বা তারও বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় দল প্রথমবার ওডিআই বিশ্বকাপ জেতার লক্ষ্যে মাঠে নামার জন্য প্রস্তুত। ফাইনালের টানটান উত্তেজনার মাঝে এই আর্থিক পুরস্কারের খবর নিঃসন্দেহে খেলোয়াড়দের জন্য একটি বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
