উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় মহিলা ক্রিকেটে ইতিহাস রচনা করলেন ওপেনিং জুটি স্মৃতি মন্ধানা এবং প্রতিকা রাওয়াল। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে এই জুটি প্রথম উইকেটে ২১২ রানের এক বিশাল পার্টনারশিপ গড়ে, যা ভারতের পক্ষে মহিলা ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ওপেনিং জুটির নতুন মাইলফলক। এই দুরন্ত ইনিংসের মাধ্যমে তাঁরা ভেঙে দিলেন ২০১১ সালের বিশ্বকাপে থিরুশ কামিনি এবং পুনম রাউতের গড়া ১৭৫ রানের পুরোনো রেকর্ড। স্মৃতি মন্ধানার ব্যাট থেকে আসে ৯৫ বলে ১০৯ রান এবং প্রতিকা রাওয়াল খেলেন ১৩৪ বলে ১২২ রানের ইনিংস।
মন্ধানা এবং রাওয়ালের এই পার্টনারশিপ কেবলমাত্র একটি রেকর্ড নয়, একাধিক ক্ষেত্রে বিশ্বরেকর্ড ছুঁয়েছে। উল্লেখ্য, এটি চলতি বছরে তাঁদের পঞ্চম শতরানের জুটি, যা ২০০০ সালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও লিসা কাইটলির গড়া বিশ্বরেকর্ডকে স্পর্শ করেছে।এছাড়াও এই জুটি চতুর্থবারের মতো ১৫০-এর বেশি রানের পার্টনারশিপ গড়েছে, যা বেলিন্ডা ক্লার্ক-লিসা কাইটলি এবং সুজি বেটস-অ্যামি স্যাটারওয়েটের মতো কিংবদন্তি জুটির রেকর্ডকে ছুঁয়ে ফেলেছে।
অপরদিকে, এটি তাঁদের দ্বিতীয় ২০০-ঊর্ধ্ব রানের জুটি, যা বিশ্ব ক্রিকেটে মাত্র চতুর্থবারের মতো ঘটল। এর আগে এই নজির গড়েছে মেগ ল্যানিং-এলিস পেরি, টাজমিন ব্রিটস-লরা উলভার্ট এবং ট্যামি বিউমন্ট-অ্যামি জোনসের মতো জুটি। বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে মাত্র তৃতীয়বার এমন ঘটল যে, একই ম্যাচে দুই ওপেনারই শতরান করলেন। এর আগে এমন ঘটনা ঘটেছিল ইংল্যান্ডের লিন থমাস-এনিড বেকেওয়েল (১৯৭৩) এবং অস্ট্রেলিয়ার লিন্ডসে রিলার-রুথ বাকস্টেইনের (১৯৮৮) ক্ষেত্রে।
ব্যক্তিগত নৈপুণ্যেও এই দুই তারকা এদিন একাধিক রেকর্ড গড়েছেন। প্রতিকা রাওয়াল এদিন দ্রুততম ভারতীয় খেলোয়াড় হিসাবে এবং বিশ্বের মধ্যে যৌথভাবে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান পূর্ণ করলেন।
মহিলাদের এক দিনের ক্রিকেটে ওপেনার হিসাবে ৫,১৮৬ রান করে রেকর্ড গড়লেন স্মৃতি। এদিন তিনি টপকে গেলেন নিউজিল্যান্ডের সুজি বেটসের ৫,০৮৮ রানের রেকর্ড। একইসঙ্গে, এক ক্যালেন্ডার বছরে WODI-তে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্বরেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।
এই পারফরম্যান্স নিশ্চিতভাবেই প্রমাণ করে যে, ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্ব মঞ্চে তাদের ক্ষমতা এবং ধারাবাহিকতা বাড়িয়ে তুলেছে। এই জুটির হাত ধরেই আগামীতে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট ভক্তরা।
