উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রদেশের বালাঘাটে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর এক শীর্ষ নেত্রী। জানা গিয়েছে, তাঁর মাথার দাম ছিল ১৪ লক্ষ টাকা। এই ঘটনাকে মাওবাদী দমনে মধ্যপ্রদেশ সরকারের নতুন নীতির এক গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন রাজ্য প্রশাসন।
পুলিশ সূত্রে খবর, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের যৌথভাবে ১৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা ছিল সুনীতার নামে। ১ নভেম্বর মধ্যপ্রদেশ পুলিশের বিশেষ মাওবাদী দমন শাখা ‘হক ফোর্স’-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রূপেন্দ্র ধুরভের কাছে তিনি অস্ত্র সমর্পণ করেন।
জানা গিয়েছে, সুনীতা মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এনএমসি জোন ইন-চার্জ রামদেরের সশস্ত্র রক্ষী হিসেবে কাজ করতেন। তিনি ছত্তিশগড়ের বিজাপুর জেলার ভৈরামগড়ের গোমভেতার বাসিন্দা। আত্মসমর্পণের সময় তিনি একটি ইনসাস (INSAS) রাইফেল সমর্পণ করেছেন।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সুনীতা ২০২২ সাল থেকে নিষিদ্ধ আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি ছত্তিশগড়ের মাঢ় অঞ্চলে প্রশিক্ষণ নেন। মূলত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের গোন্দিয়া এবং ছত্তিশগড়ের রাজনন্দগাঁও এলাকায় সক্রিয় ছিলেন সুনীতা।
এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “এটি ‘মধ্যপ্রদেশ সারেন্ডার, রিহ্যাবিলিটেশন কাম রিলিফ পলিসি ২০২৩’-এর অধীনে প্রথম আত্মসমর্পণ। শুধু তাই নয়, ১৯৯২ সালের পর এই প্রথম অন্য রাজ্যের কোনও মাওবাদী মধ্যপ্রদেশ সরকারের কাছে আত্মসমর্পণ করলেন।” তিনি আরও জানান, গত ১০ মাসে রাজ্যে সম্মিলিতভাবে ১.৪৬ কোটি টাকা পুরস্কারমূল্যের মাওবাদীদের খতম করা হয়েছে।
