উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় তুললেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এই জয়ের মধ্যে দিয়েই ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন হরমনপ্রীতরা। রবিবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনালে শুরুটা মোটেই খারাপ হয়নি ভারতের।এদিন প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ৬৪ তুলল ভারতের দুই ওপেনার ব্যাটার স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা। এই বিশ্বকাপে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করল ভারত। এই ওপেনিং জুটি সপ্তম ওভারের মধ্যেই করে ৫০ রান। ১৭.২ ওভারে ১০০ রান পার করে দেয় দুই ওপেনিং ব্যাটার। অল্পের জন্য অর্ধশতরান করতে পারলেন না স্মৃতি মন্ধানা। ক্লোয়ি ট্রিয়নের বলে ৪৫ রান করে আউট হলেন তিনি। মন্ধানা সুযোগ হারালেও অর্ধশতরান করলেন শেফালি বর্মা। ৪৯ বলে ৫০ পূর্ণ করলেন তিনি। পায়ের পেশিতে টান ধরায় এমনিতেই খেলতে পারছিলেন না। বড় শট খেলার চেষ্টা করছিলেন। তা করতে গিয়েই ৮৭ রানে আউট হলেন শেফালি। খাকার বলে ক্যাচ দিলেন লুসের হাতে। শেষদিকে ২৪ বলে ৩৪ রান করেন রিচা,যার সুবাদে স্কোরবোর্ডে ২৯৮/৭ রান তুলতে সক্ষম হয় ভারতীয় দল।
জবাবে ব্যাট করতে নেমে লড়াই করলেন প্রোটিয়াদের ক্যাপ্টেন তথা ওপেনার লরা উলভার্ট। ৯৮ বলে ১০১ রান করেন তিনি। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গত করতে পারেননি দক্ষিণ আফ্রিকার আর কোনও ব্যাটার। ফলত তিনি আউট হয়ে যেতেই ভারতের জয় ছিল কার্যত কিছু সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত সেই আশা জিইয়ে রেখেই ফাইনাল ম্যাচটি ৫২ রানে জিতে নেয় ভারত।
