উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জল্পনাই সত্যি হল। বিধানসভার সই-জালিয়াতি মামলার তদন্তে নাটকীয় মোড় এনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) মুখোমুখি বসিয়ে জেরা করলেন সিআইডি (CID) আধিকারিকরা। রবিবার দুপুরে ভবানীভবনে প্রায় সাড়ে তিন ঘণ্টা কাটানোর পর বাইরে আসেন কুণাল ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজেই স্বীকার করেন, অভিষেকের মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কুণাল ভবন ছাড়লেও, ৮ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও সিআইডি দপ্তরেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এখনও চলছে ম্যারাথন জেরা।
গত বৃহস্পতিবারই এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করেছিলেন গোয়েন্দারা। কিন্তু সেই বয়ানে সন্তুষ্ট না হওয়ায় রবিবার ফের দুপুর ১২টার মধ্যে তাঁকে তলব করা হয়েছিল।
- আগাম হাজিরা: ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার অনেক আগেই এদিন ভবানীভবনে পৌঁছে যান অভিষেক।
- কুণালের প্রবেশ: এরপর দুপুর সাড়ে তিনটে নাগাদ সিআইডি দপ্তরে এসে পৌঁছান বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
সূত্রের খবর, তদন্তের শুরুতে কুণাল এবং অভিষেককে আলাদা আলাদা ঘরে বসিয়ে বয়ান রেকর্ড করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল দুজনের বয়ানে কোনো অসঙ্গতি বা ফাঁক রয়েছে কি না তা খতিয়ে দেখা। এরপরই দুজনকে একই ঘরে মুখোমুখি বসানো হয়। বিকেলের দিকে ভবানীভবন থেকে বেরোনোর সময় কুণাল ঘোষ জানান, তিনি তদন্তে সবরকম সাহায্য করেছেন এবং তদন্তকারীদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন।
