উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে অনন্য নজির গড়লেন অভিনেত্রী কৃতী স্যানন (Kriti Sanon)। সম্প্রতি বার্লিনে (Berlin) আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫ (World Well being Summit 2025)-এর মঞ্চে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন কৃতী। মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দেন অভিনেত্রী।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে কৃতী বলেন, বিশ্বে মহিলাদের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু তাঁদের স্বাস্থ্য নিয়ে কেউ মাথা ঘামায় না। এই সমস্যা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে মহিলাদের স্বাস্থ্য একেবারেই হেলাফেলার বিষয় নয়। তাঁকে ছাড়া আপনার পরিবারের সবকিছুই অসম্পূর্ণ। বাল্যবিবাহ ও পরিবারের মেয়েদের পিছিয়ে রাখার বিষয়ও বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কথা বলার মতো শক্তি জোগায় না বলে জানান তিনি। তাই মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি কৃতী এখন মন দিয়েছেন প্রযোজনাতেও। এছাড়াও তাঁর রয়েছে নিজস্ব ব্যবসাও। এককথায় বলা যায়, একসঙ্গে একাধিক ভূমিকা পালন করেন কৃতী। এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি বুঝিয়ে দিলেন, সমাজের প্রতি একজন শিল্পীর দায়বদ্ধতা কতটা।
