ক্রান্তি: ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে উত্তাল হল ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসুসূবা এলাকা। জানা গিয়েছে, গত শুক্রবার চাপাডাঙ্গা মাস্টারপাড়া এলাকার এক শিশু জিসান রায় (৩) জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। মৃতের পরিবারের অভিযোগ হাসপাতালে নেওয়ার আগে তাঁরা বাসুসূবা বাজারে নিজেকে ফার্মাসিস্ট পরিচয় দেওয়া নুর আলম-এর কাছ থেকে শিশুটির চিকিৎসা করাচ্ছিলেন, গত তিন দিন ধরে। শিশুটির বাবা বিকাশ রায়ের অভিযোগ, শিশুটি জ্বর ও পেটের সমস্যা নিয়ে ভুগছিল বেশ কয়েকদিন ধরে। তার চিকিৎসার জন্য নুর আলমের কাছে নিয়ে যাওয়া হলে নুর আলম বিভিন্ন ইনজেকশন ও ওষুধ দেয় বাচ্চাটিকে। সেই ওষুধ কিছুদিন চলার পরেও বাচ্চাটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নুর আলম নাকি তাঁদেরকে আশ্বাস দিয়েছিল যে, এই চিকিৎসাতেই বাচ্চাটি ঠিক হয়ে যাবে। তবে শুক্রবার বিকেলে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে রাতে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার দু’দিন পর রবিবার নুর আলমের দোকানে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিবার ও এলাকার বাসিন্দারা। দোকানটিতে ভাঙচুরও করা হয়। ঘটনার খবর পেয়ে ক্রান্তি ফাঁড়ির পুলিশ নুর আলমকে আটক করে নিয়ে যায়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও নুর আলমের বক্তব্য, বাচ্চাটিকে সঠিক ওষুধ দেওয়া হয়েছিল। ওষুধ খাওয়ার পরে বাচ্চাটা কিছুটা সুস্থ হয়েছিল। বাচ্চাটির ভুল চিকিৎসা করা হয়নি বলেই দাবি করেছেন তিনি।
