উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কলকাতার দেশবন্ধু পার্কের এক নামী স্কুলে হঠাৎই অসুস্থ হয়ে পড়ল একসঙ্গে ২৪ জন ছাত্রী (Kolkata College students Hospitalised)। সোমবারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বমি, পেটে ব্যথা, জ্বর ও শ্বাসকষ্টের মতো মারাত্মক লক্ষণ দেখা দেওয়ায় অসুস্থ পড়ুয়াদের দ্রুত আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, পানীয় জল বা খাবার থেকেই কোনওভাবে এই বিষক্রিয়া ঘটে থাকতে পারে। তবে আপাতত সব ছাত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
ঘটনার খবর পাওয়া মাত্রই রাতেই হাসপাতালে ছুটে যান রাজ্য স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি চিকিৎসকদের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করা অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। মন্ত্রী জানান, ঘটনার আসল কারণ জানতে মঙ্গলবার সকালেই স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল স্কুলে গিয়ে পরিদর্শন করবে। স্কুলের পানীয় জলের ট্যাংকের পরিচ্ছন্নতা পরীক্ষা করার পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করা হবে এবং রান্নার কাঁচামালের মান ও রাঁধুনিদের স্বাস্থ্য খতিয়ে দেখা হবে।
প্রশাসনের নির্দেশে উলটোডাঙা থানার পুলিশ ইতিমধ্যেই স্কুলের রান্নাঘরটি সিল করে দিয়েছে। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের খাবারের সুবিধার্থে বিকল্প রান্নার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সমস্ত নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পরেই অসুস্থতার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

