উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতায় আগামী শনিবার কেবল কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী নয়, বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে কলকাতা (Kolkata)। ওইদিন বিকেলেই ব্রিগেডের (Brigade) ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্রেই জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজ সাজ রব কলকাতায়। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এবং বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। প্রায় ৪০ জন ভিভিআইপি অতিথির উপস্থিতিতে জমকালো এই অনুষ্ঠান সম্পন্ন হবে।
নিরাপত্তার খাতিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে মোট ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি ব্লকের নিরাপত্তার দায়িত্বে থাকছেন একজন আইপিএস অফিসার। গোটা ব্যবস্থার তদারকি করছেন স্বয়ং কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। এছাড়াও থাকছে:
- আকাশপথে নজরদারি: ড্রোনের মাধ্যমে ব্রিগেডের বাইরেও কড়া নজরদারি চালানো হবে।
- এসপিজি সুরক্ষা: প্রধানমন্ত্রীর আগমনে বিশেষ বৈঠক সেরেছে এসপিজি এবং কেন্দ্রীয় বাহিনী।
- উঁচু বাড়ি থেকে নজরদারি: ময়দানের আশপাশের সব বহুতলের ছাদে মোতায়েন থাকবে নিরাপত্তা রক্ষীরা।
ব্রিগেডের প্রবেশদ্বার সাধারণ মানুষের জন্য খোলা থাকলেও থাকছে একাধিক কড়া বিধিনিষেধ। পুলিশ সূত্রে জানানো হয়েছে: নিরাপত্তার স্বার্থে ব্রিগেডের ভেতর কোনো প্রকার ব্যাগ, জলের বোতল বা ছাতা নিয়ে ঢোকা যাবে না। তল্লাশিতে এই ধরণের জিনিস মিললে গেট থেকেই সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হবে।
শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে জরুরি পরিষেবা যেমন — অক্সিজেন, ওষুধ, দুধ, সব্জি ও পেট্রোলিয়াম গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
যেসব রাস্তায় পার্কিং নিষিদ্ধ:
- ক্যাথিড্রাল রোড ও হসপিটাল রোড।
- কুইনসওয়ে ও লাভার্স লেন।
- এজেসি বোস রোডের একাংশ ও খিদিরপুর রোড।
শনিবার পরিস্থিতির ওপর নির্ভর করে আরও কিছু রাস্তায় যান চলাচল ডাইভার্ট করা হতে পারে। শহরবাসীকে ভিড় এড়াতে আগেভাগে পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।
