উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের অগ্নিকাণ্ড কলকাতায় (Kolkata)। রবিবার গভীর রাতে আগুন লাগে খিদিরপুরের (Khidirpur) অরফ্যানগঞ্জ বাজারে। ভস্মীভূত প্রায় ৬০০টি দোকান। রাতেই ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। এখনও বিভিন্ন জায়গায় সকাল পর্যন্ত ‘পকেট ফায়ার’ রয়েছে। তা নেভানোর চেষ্টা চলছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বাজারে আচমকা আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন (Fireplace) নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। অভিযোগ, থানা এবং দমকলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দমকল দেরিতে আসে। গঙ্গা থেকে পাম্পের মাধ্যমে জল এনে আগুন নেভানোর পরিকল্পনা ছিল দমকলকর্মীদের। কিন্তু সেই ব্যবস্থা করতে গিয়ে অনেকটা সময় কেটে যায়। আগুন আরও ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে বহু সম্পত্তি নষ্টের আশঙ্কা করা হচ্ছে। বহু দোকান পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজারে তেলের গুদাম ছিল। তার থেকে আগুন আরও বেশি ছড়িয়ে থাকতে পারে।
সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দমকলের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে সুজিত বসু বলেন, ‘একটা গাড়ি আসতে গেলেও কিছু সময় লাগে। ওয়াটগঞ্জ, গার্ডেনরিচ থেকে দমকলের গাড়ি এসেছে। জীবন বিপন্ন করে কাজ করেন দমকলকর্মীরা।’ দোকান করার সময় অনেকেই নিয়ম ঠিকমতো মেনে চলেন না বলেও মত মন্ত্রীর। তিনি বলেন, ‘একটা ঘটনা ঘটেছে, আমরা দেখব।’ আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
