কিশনগঞ্জ: কিশনগঞ্জের ভারত-নেপাল সীমান্ত লাগোয়া দীঘলব্যাংক থানা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা (Kishanganj Accident)! শনিবার ভোরে নয়াবাড়ী পদমপুর গ্রামে মোটরবাইক ও ট্রাক্টরের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের নাম মহম্মদ মুন্না আলম। তিনি স্থানীয় তালবাড়ী গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে মোটরবাইক নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। আঘাত এতটাই মারাত্মক ছিল যে বাইক চালক মুন্না আলম ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে দীঘলব্যাংক থানার পুলিশ দ্রুত অকুস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরবাইক ও ট্রাক্টর দুটিকেই বাজেয়াপ্ত করেছে। তবে দুর্ঘটনার পর পরই ট্রাক্টর চালক গাড়ি ফেলে রেখে এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি জিডি (Normal Diary) দায়ের করা হয়েছে এবং পলাতক ট্রাক্টর চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে মৃতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
The put up Kishanganj Accident | কিশনগঞ্জে ভারত-নেপাল সীমান্ত এলাকায় ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষ! মৃত ১ যুবক appeared first on Uttarbanga Sambad.
