কিশনগঞ্জ: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই নিত্যদিন টাকা উদ্ধারের ঘটনা ঘটছে বিহারে। সোমবার রাতে দুটি ব্যাবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে ৩৫ লক্ষ ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসটিএফ। জানা গিয়েছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বিহারে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা। গঠন করা হয়েছে একটি ফ্লাইং স্কোয়াড। সোমবার রাতে আরারিয়া জেলার ফরবেসগঞ্জ বিধানসভা কেন্দ্রের সদর থানা এলাকার দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেয় এই স্কোয়াডের কর্মীরা। হানা দিয়ে পুলিশ দুটি প্রতিষ্ঠান থেকে নথিপত্র বিহীন ৩৫ লাখ ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে।
সূত্র জানিয়েছে এই দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্তারা বাজেয়াপ্ত টাকার কোন ধরনের নথিপত্র বা উৎস টিমকে দেখাতে পারেনি। মঙ্গলবার এই টাকা আরারিয়া ট্রেজারিতে জমা করা হয়েছে বলে ফরবেশগঞ্জের মহকুমাশাসক জানান। অনুমান করা হচ্ছে, ভোটের কাজে এই বিপুল অংকের টাকা অবৈধভাবে ব্যয় করা পরিকল্পনা ছিল নির্বাচনের কাজে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
