খড়িবাড়ি: সোমবার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেপ্তার হয়েছে এক চিনা নাগরিক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পৃথক নামের সুইজারল্যান্ডের পাসপোর্ট এবং জাল নেপালি পরিচয়পত্র। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, নেপাল থেকে অবৈধভাবে পানিট্যাঙ্কির মেচি সেতু দিয়ে ভারতে প্রবেশের সময় সীমান্তে মোতায়ন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ে ওই চিনা নাগরিক। জিজ্ঞাসাবাদের পর সোমবার গভীর রাতে এসএসবি ওই চিনা নাগরিককে পুলিশের হাতে তুলে দেয়।
এসএসবি সূত্রে খবর, সোমবার বিকেলে রুটিন তল্লাশির সময় ওই চিনা নাগরিককে আটক করে এসএসবি জওয়ানরা। ধৃতকে তল্লাশি করে তার কাছ থেকে ভিন্ন নামের দুটি পৃথক সুইজারল্যান্ডের পাসপোর্ট উদ্ধার হয়েছে। একটি পাসপোর্টে তার নাম খামৃৎশং সেতেন গুরমে। অপর পাসপোর্টে তার নাম রয়েছে সেঙেইতসাং কর্মা জিমি। এছাড়াও ধৃতের কাছ থেকে একটি জাল নেপালি পরিচয়পত্রও পেয়েছে এসএসবি। জানা গিয়েছে, ধৃত চিনা নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। তার কথাবার্তায় বেশকিছু অসংগতি পাওয়া গেছে। অতিরিক্ত তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য ধৃতকে রাতেই খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি আধিকারিকরা। ফরেনার্স আইনে মামলা রুজু করে ধৃতকে আজ দুপুরে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলেছে খড়িবাড়ি পুলিশ।
