খড়িবাড়ি: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল খড়িবাড়িতে (Kharibari)। শুক্রবার বিকেলে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি গৌড়সিংজোত এসএসবি (SSB) ক্যাম্পের অদূরে একটি গ্রামীণ সড়কের পাশ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেলে এলাকার শিশুরা খেলাধুলা করার সময় রাস্তার পাশে একটি বাঁশ ঝাড়ের পাশে কালো প্লাস্টিকে মোড়া পিস্তলটি দেখতে পায়। শিশুরা বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তপন দন্ডবত বলেন, “শিশুরা খেলতে গিয়ে এসএসবি ক্যাম্পের সীমানা প্রাচীরের পাশে রাস্তায় পিস্তল দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসেছে। আমরা ভয়ে আছি।”
এদিকে ঘটনার খবর পেয়ে খড়িবাড়ি থানার ওসি সৌমেন বিশ্বাস ও পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি অমৃত লভারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়। সীমান্ত এলাকায় (Border Security) বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র চার দিন আগেই খড়িবাড়ির ভালুকগাড়ায় দুটি দেশি পিস্তল ও ম্যাগাজিন সহ এক নেপালি তরুণকে গ্রেপ্তার করেছিল এসএসবি। পুলিশের ধারণা, রাজ্যে পালাবদলের পর আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি অভিযান বৃদ্ধি পাওয়ায় দুষ্কৃতীরা আতঙ্কে আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে থাকতে পারে।
বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল।
