উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অবশেষে বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে পড়তে হলো ফ্রান্সকে (France vs Paraguay)। আজ আর গোলের বন্যা নয়, বরং প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে রীতিমতো ঘাম ঝরাতে হলো দিদিয়ে দেশঁর দলকে। আগাগোড়া দাপট বজায় রেখেও গোলের দেখা মিলল ৭০ মিনিটে গিয়ে। পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্স। দক্ষিণ আমেরিকার দেশটির বিশ্বকাপ সফর থামলেও, তাদের শারীরিক ফুটবল এবং রক্ষণাত্মক কৌশল গতবারের রানার্সআপ দলকে বেশ চাপে রেখেছিল।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামের প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই দলের খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মাঝমাঠে চুয়ামেনিকে ছাড়াই খেলতে নামা ফ্রান্স শুরু থেকেই বলের দখল ধরে রাখলেও প্যারাগুয়ের শারীরিক ফুটবলের সামনে বারবার বাধা পাচ্ছিল। আগের ম্যাচে জার্মানিকে টাইব্রেকারে হারানো প্যারাগু | য়ে এই ম্যাচেও একই রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে নেমেছিল। মাঠের মধ্যে ক্রমাগত ধাক্কাধাক্কি ও ফাউলের কারণে পরিস্থিতি কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে।
দ্বিতীয়ার্ধে বল পজেশনের ৭৬ শতাংশ নিজেদের দখলে রাখলেও ফ্রান্সের আক্রমণে কোনো ফাটল দেখা যাচ্ছিল না। ৬১ মিনিটে বার্কোলার পরিবর্তে দুয়েকে নামান দেশঁ। পিএসজি’র এই উইঙ্গার বক্সের ভেতর ঢোকার চেষ্টা করতেই ফাউলের শিকার হন এবং ফ্রান্স পেনাল্টি পায়। এমবাপে নিখুঁত শটে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে দেন। এই বিশ্বকাপে এটি তাঁর সপ্তম গোল, যার ফলে তিনি সোনালি বুটের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা এখন ১৯।
শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। এই বিশ্বকাপের অন্যতম সেরা রক্ষণভাগ এখন ফ্রান্সের বড় চ্যালেঞ্জ। যদিও আশরাফ হাকিমিদের মরক্কো প্যারাগুয়ের মতো রক্ষণাত্মক ফুটবল খেলবে না, তবুও তাদের আক্রমণভাগ সামলানো ফরাসিদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে।

