খড়িবাড়ি: মাদক পাচারের অভিনব ছক বানচাল করে বড়সড় সাফল্য পেল খড়িবাড়ি থানার পুলিশ। অসম থেকে বিহারে পাচারের পথে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হল ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে অভিযান চালিয়ে প্রায় ৬৯৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকা।
সোমবার সকালে দার্জিলিং জেলা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, একটি বড় কন্টেনারে করে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার পুলিশ পিডব্লিউবি (PWB) মোড় সংলগ্ন ৩২৭ নম্বর জাতীয় সড়কে ওত পেতে থাকে। একটি হরিয়ানার নম্বর প্লেটযুক্ত সন্দেহজনক কন্টেনার দ্রুত গতিতে বিহারের দিকে যাওয়ার সময় সেটিকে আটকায় পুলিশ।
প্রাথমিক তল্লাশিতে কন্টেনারটি খালি মনে হলেও, পুলিশের অভিজ্ঞ চোখ এড়ায়নি চালকের কেবিনের অস্বাভাবিকতা। ভালো করে তল্লাশি চালাতেই দেখা যায়, চালকের আসনের পিছনে তৈরি করা হয়েছে একটি সুনিপুণ ‘গোপন চেম্বার’। সেই চেম্বার থেকেই উদ্ধার হয় ৭৩টি বড় বড় প্যাকেট। প্যাকেটগুলো খুলতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো গাঁজা।
পুলিশ এই ঘটনায় কন্টেনার চালক আকবর আলীকে (৩৭) গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি অসমের বাসিন্দা। দার্জিলিং জেলার গ্রামীণ এসডিপিও সৌম্যজিৎ রায় জানান, “অসম থেকে বিপুল পরিমাণ এই মাদক বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।” ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশের অনুমান, এই পাচার চক্রের জাল অনেক গভীরে বিস্তৃত। এই চক্রের নেপথ্যে আর কে কে রয়েছে এবং উত্তরবঙ্গের এই করিডোরকে ব্যবহার করে আর কোথায় মাদক পাঠানো হচ্ছে, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা।
