উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোমবার সকালে খোদ খাদ্য ভবনে (Khadyo Bhavan) ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। খাদ্য বিপণন দপ্তরের পাঁচতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন দপ্তরের এক যুগ্ম সচিব (Khadyo Bhavan Accident)। বর্তমানে তাঁকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা নাগাদ অফিস চলাকালীন আচমকাই একটি ভারী বস্তু পড়ার বিকট শব্দ শুনতে পান কর্মীরা। শব্দের উৎস খুঁজতে গিয়ে তাঁরা দেখেন, ভবনের বি-ব্লকের সিঁড়ি সংলগ্ন আসবাবপত্রের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই আধিকারিক। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তিনি সম্ভবত চারতলার সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে গিয়েছেন।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় নিউ মার্কেট থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরাও তদন্ত শুরু করেছেন। কীভাবে সিঁড়ির রেলিং অতিক্রম করে বা কোন পরিস্থিতিতে তিনি নিচে পড়ে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি কি নিছক দুর্ঘটনা, না কি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তদন্তকারী দল ইতিমধ্যে ভবনের নিরাপত্তা ব্যবস্থা ও সিঁড়ির কাঠামো পরীক্ষা করেছে। ঘটনার সময় ওই আধিকারিক ঠিক কোথায় ছিলেন, কারোর সাথে কোনো কথা হয়েছিল কি না—এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ভবনটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি উপস্থিত কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। সরকারি ভবনের ভেতর এমন ঘটনায় কর্মীবহুল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উচ্চপদস্থ আধিকারিকরাও পরিস্থিতির ওপর নজর রাখছেন।
