প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেছিলেন জেলে। সেই জালে মাছ ওঠার বদলে উঠে এল একাধিক সকেট বোমা। তা দেখেই ভয়ে পুকুড় পাড়ে জাল ফেলে রেখে পালিয়ে গেলেন জেলে। এমন ঘটনায় শনিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাটোয়া (Katwa) ২ নম্বর ব্লকের অন্তর্গত বাকশা গ্রামে (Baksha Village)। পুকুরে সকেট বোমা কী করে এল, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাছ ধরার জন্য শ্রীবাটি গ্রামের ‘বন পুকুরে’ এদিন জাল ফেলেন জেলেদের দল। কিছুক্ষণ পর জাল টেনে পাড়ে তুলতেই বেশ কয়েকটি ভারী লোহার বস্তু দেখতে পান তাঁরা। কাছ থেকে দেখে সেগুলি সকেট বোমা (Socket Bomb) বলে সন্দেহ হওয়ায় আতঙ্কে তাঁরা সেখান থেকে সরে যান। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, পুকুরে আরও বোমা বা অন্য কোনও অস্ত্র লুকিয়ে রাখা থাকতে পারে।
এমন ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা সূর্যদেব ঘোষের দাবি, ভোট-পরবর্তী হিংসার জন্য এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করা হয়েছিল। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত এবং রাজনৈতিক পালাবদলের পর সেগুলি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। যদিও তৃণমূল নেতা দেবু টুডু সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “বিষয়টি পুলিশ তদন্ত করে দেখুক। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই তিনি আশা প্রকাশ করেন।”
এদিকে পুকুর থেকে সকেট বোমা উদ্ধারের খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছে যায়।তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে উদ্ধার হওয়া বস্তুগুলি সত্যিই সকেট বোমা না কি অন্য কিছু। পুকুরে আরও কোনও বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার দরুন স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

