চোপড়া: আর কয়েকদিন পরেই ভোটের ফলাফল। তার আগেই ইসলামপুর (Islampur) থানার দাড়িভিট (Daribhit) এলাকায় তাজা বোমা উদ্ধারের (Bomb-recovery) ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার সকালে একটি চা বাগানের ভিতর থেকে তিনটি তাজা ও শক্তিশালী সকেট বোমা উদ্ধার করে পুলিশ। জনবহুল এলাকার এত কাছে বোমা পড়ে থাকায় এলাকার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দাড়িভিট এলাকার একটি চা বাগানের পাশের মাটির রাস্তায় একটি পরিত্যক্ত রঙিন ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় কৌতূহলবশত কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ হয় তাঁদের। ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসে তিনটি কালো রঙের শক্তিশালী সকেট বোমা। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
খবর পাওয়া মাত্রই ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার খাতিরে এলাকাটি তড়িঘড়ি ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। বম্ব স্কোয়াডের কর্মীরা এসে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাগুলি উদ্ধার করেন এবং একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। গণনা ও ফলাফল ঘোষণার ঠিক আগে এভাবে জনবহুল এলাকার কাছে বোমা উদ্ধারের ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না প্রশাসন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
