উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে শহিদ হলেন এক পুলিশকর্মী। পুলিশের পালটা জবাবে জখম এক জঙ্গি। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের (Kashmir) উদমপুর জেলার ঘটনা। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। বন্ধ করা হয়েছে পালানোর সব রাস্তা।
নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল উদমপুর জেলার জঙ্গলঘেরা একটি গ্রামে তিন জঙ্গি (militant) লুকিয়ে রয়েছে। মূহূর্তের মধ্যে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে পুলিশের বিশেষ বাহিনী, সিআরপিএফ ও সেনার যৌথদল।
তবে অন্ধকারের মধ্যে জঙ্গলে অভিযান চলানো কঠিন হয়ে ওঠে নিরাপত্তাবাহিনীর। এদিকে নিরাপত্তাবাহিনীর অভিযান বুঝতে পেরে তাঁদের ওপর হামলা চালায় জঙ্গিরা। এতে গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী। ওই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁর মৃত্যু হয়।
অভিযানের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ সংঘর্ষ শুরু হয়। তবে ওইদিন রাতের মতো অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ফের অভিযান শুরু হবে। জঙ্গিরা যাতে পালাতে না পারে এবং তাদের নিকেশ করতে এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।
