উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হলিউডের প্রখ্যাত ব্যক্তিত্ব রব রেইনার এবং তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রেইনার-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় স্তম্ভিত গোটা বিনোদন জগৎ। রবিবার স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে এই দম্পতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এমন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি এই অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। আর সেই ব্যক্তিটি হলেন তাঁদেরই পুত্র নিক রেইনার!
সূত্রের খবর, নিক রেইনারকে তাঁর মা-বাবাকে কুপিয়ে খুনের অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছে। প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিলেন তিনি। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় পুলিশ বর্তমানে তাঁকে নিজেদের হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। রেইনার দম্পতির মৃত্যুর ঠিক আগের দিন রাতে একটি পার্টিতে নাকি মা-বাবা এবং পুত্র নিকের মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী প্রশাসনকে এই পারিবারিক বিবাদের কথা জানিয়েছেন। যদিও তিনি ঝগড়ার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি, কিন্তু এই তথ্যই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে। পুলিশ মনে করছে, সেই পারিবারিক কলহই এই মর্মান্তিক ঘটনার কারণ হতে পারে।লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে আগামী মঙ্গলবার এই চাঞ্চল্যকর মামলাটি তোলা হবে।
এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের পেছনে আসল কারণ কী, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। পারিবারিক সম্পত্তি, মানসিক টানাপোড়েন নাকি অন্য কোনও গভীর রহস্য – নিক রেইনরের গ্রেপ্তারি এই মামলার নতুন দিগন্ত উন্মোচন করল।
