Kartik Aaryan | প্রথম জাতীয় পুরস্কার জয়ের পরই মহাকালেশ্বরে কার্তিক আরিয়ান, নিলেন বাবা মহাকালের আশীর্বাদ

Kartik Aaryan | প্রথম জাতীয় পুরস্কার জয়ের পরই মহাকালেশ্বরে কার্তিক আরিয়ান, নিলেন বাবা মহাকালের আশীর্বাদ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কেরিয়ারের অন্যতম বড় মাইলফলক স্পর্শ করার পরই আধ্যাত্মিক আবহে ধরা দিলেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের আনন্দ কাটতে না কাটতেই সোজা উজ্জয়িনীর (Ujjain) বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple) হাজির হলেন অভিনেতা। বাবা-মাকে সঙ্গে নিয়ে দেশের অন্যতম পবিত্র এই জ্যোতির্লিঙ্গে পুজো দিলেন তিনি। মন্দিরের ঐতিহ্যবাহী ‘শয়ন আরতি’তে অংশ নিয়ে বাবা মহাকালের আশীর্বাদ নেন কার্তিক। নন্দী হলে হাত জোড় করে গভীর মনঃসংযোগে প্রার্থনা করার তাঁর বেশকিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় তুলেছে।

সম্প্রতি ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া কার্তিকের অনুরাগীদের মনে। কবীর খান পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মান অর্জন করেছেন কার্তিক। দক্ষিণী সুপারস্টার মামুট্টির সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন তিনি। কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার হওয়ায় এটি তাঁর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অর্জন। ভারতের প্রথম প্যারাঅলিম্পিক সোনা জয়ী মুরলীকান্ত পেটকরের বায়োপিক ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য কম পরিশ্রম করতে হয়নি কার্তিককে। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুতর আহত হয়েও মুরলীকান্তের জীবনের অবিশ্বাস্য লড়াই ও ঘুরে দাঁড়ানোর গল্প রূপোলি পর্দায় ফুটিয়ে তুলতে দীর্ঘ মাস ধরে কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণ নেন তিনি। একজন দক্ষ সাঁতারু, বক্সার এবং অ্যাথলেটের শারীরিক গঠনে নিজেকে মানিয়ে নেওয়ার এই কঠোর সাধনা সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মন জয় করেছিল।

এদিকে আধ্যাত্মিক যাত্রার পাশাপাশি কাজের জগতেও তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ বড় প্রজেক্ট। খুব শীঘ্রই তাঁকে ফ্যান্টাসি ঘরানার ছবি ‘নাগজিলা’-য় দেখা যাবে, যা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। এর আগে অনন্যা পান্ডের সঙ্গে রোমান্টিক ড্রামা ‘তু মেরি মেইন তেরা, মেইন তেরা তু মেরি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও পরিচালক অনুরাগ বসুর সঙ্গে একটি নামহীন মিউজিক্যাল রোমান্স ছবিতেও কাজ করছেন তিনি, যেখানে তাঁর বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা।

একটি জাতীয় পুরস্কার এবং হাতে একাধিক হাই-প্রোফাইল ছবি—সব মিলিয়ে কেরিয়ারের অন্যতম সেরা ও সোনালী সময় কাটাচ্ছেন কার্তিক আরিয়ান। আর জীবনের এই সাফল্যের শিখরে পৌঁছেই ঈশ্বরের দরবারে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বলিউডের এই জনপ্রিয় তারকা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *