নাগরাকাটা: বানারহাট (Banarhat) ব্লকের অন্তর্গত ডায়না চা বাগানের শ্রমিক বিদ্যা নায়েক কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটেতে স্বর্ণপদক (Karate gold medal) জিতে এখন নয়ণের মণি গোটা তল্লাটের। রবিবার নিজের বাগানে ফিরে আসার পর ২২ বছরের ওই কলেজ ছাত্রীকে সাদরে বরণ করে নেন স্থানীয়রা। ওই প্রতিযোগিতায় নেপাল ও মালয়েশিয়ার খেলোয়াড়রাও অংশগ্রহণ করেছিলেন।
উত্তরবঙ্গ নায়েক সমাজ কল্যাণ সমিতির তরফে এদিন ব্যান্ডপার্টি সহযোগে জাঁকজমক করে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সম্মানিত করা হয় বিদ্যার বাবা ফেকন নায়েক, মা ঊষা নায়েককেও। অনুষ্ঠানে ছিলেন নায়েক সমিতির সম্পাদক অজিতকুমার নায়েক সহ ওমপ্রকাশ নায়েক, প্রদীপ নায়েকের মতো কর্তারা। স্থানীয় সমাজসেবী হেমন্ত কুজুর, ধরমপাল বনসল, হরি নায়েক এবং সরবন ওরাওঁদের মতো আরও বহু মানুষ এতে যোগ দেন।
বিদ্যা বলেন, ‘আমি গত ছয় বছর ধরে ডুয়ার্স ক্যারাটে অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। এই সময়কালে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এবার নেপাল ও মালয়েশিয়ার খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতায় স্বর্ণপদক জিততে পেরে আলাদা আনন্দ পাচ্ছি। চা বাগানে কাজ করার পাশাপাশি পড়াশোনা ও খেলাধুলো দুটোই চালিয়ে যাচ্ছি। এতে কোনও অসুবিধে হচ্ছে না। ভবিষ্যতে ক্যারাটেকেই বেছে নিয়ে এগোতে চাই।’
অজিত বলেন, ‘বিদ্যা আমাদের গোটা সমাজকে গর্বিত করেছে। চা বাগানের ছেলেমেয়েরা যে কারও থেকে কম নয় সেকথা আরও একবার প্রমাণিত হল ওর হাত ধরে।’ মেয়ের সাফল্যে চোখে জল বিদ্যার বাবা ফেকন ও মা ঊষার। দম্পতি জানান, ছোটবেলা থেকেই বিদ্যা খেলাধুলোয় আগ্রহী। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কয়েকটি পদক জিতেছেন। কিন্তু এবার আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক প্রাপ্তি অন্যরকম অনুভূতি।

