উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টেলিজগতে ‘করণ-তেজ’ (Karan-Tejaswi) জুটি মানেই অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের গোপন বিয়ের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। তবে নেহা ধুপিয়ার চ্যাট শো-তে এসে যাবতীয় জল্পনায় জল ঢাললেন খোদ এই জুটিই। বিয়ের প্রশ্নের জবাবে কর্ণ (Karan Kundra) ও তেজস্বী (Tejaswi Prakash) দুজনেই একযোগে জানালেন, তাঁরা আপাতত বিয়ের কোনো পরিকল্পনা করছেন না।
অনুষ্ঠানে ‘কে বিয়ের জন্য প্রস্তুত নন’—এই প্রশ্নের জবাবে তেজস্বী মজার ছলে কর্ণর নাম লিখলেও, কর্ণ জানান তিনি দু’জনের নামই লিখতে চেয়েছিলেন। পরে অভিনেত্রী এই বিভ্রান্তি দূর করে সাফ জানান, “আমরা দুজনেই এখনও বিয়ের জন্য প্রস্তুত নই। তবে জীবনের জন্য আমরা তৈরি।” অর্থাৎ, পেশাগত এবং ব্যক্তিগত জীবনে দুজনেই এগিয়ে চললেও, বিয়ের সামাজিক বন্ধনে এখনই জড়াতে চাইছেন না এই জুটি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কর্ণের প্রকাশ্যে প্রেমপ্রস্তাব দেওয়ার পর থেকেই অনুরাগীদের ধারণা ছিল, খুব দ্রুতই ছাদনাতলায় দেখা যাবে এই জুটিকে। কিন্তু সেই অনুমানকে কার্যত উড়িয়ে দিলেন তাঁরা। কর্ণ স্পষ্ট করে দিয়েছেন যে, গত কয়েক মাস ধরে তাঁদের বিয়ে নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো।
এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে তেজস্বী জানিয়েছেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই তাঁদের। ব্যক্তিগত সম্পর্কের গভীরতা থাকলেও, বিয়ের মতো একটি বড় সিদ্ধান্তের জন্য তাঁরা একে অপরকে আরও কিছুটা সময় দিতে চান। আপাতত ফ্যানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান যে সহসা ঘটছে না, তা এই জুটির বক্তব্য থেকেই পরিষ্কার।
