উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত লঙ্ঘন করে ক্যাথিড্রাল রোডের দুই লেন আটকে সভা আয়োজন করার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল লালবাজার। ২১ জুলাইয়ের সমাবেশের উদ্যোক্তা ও আহ্বায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় আদালত অবমাননা এবং রাস্তা অবরুদ্ধ করার অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে।
লালবাজার সূত্রে খবর, সভার অনুমতি দেওয়ার সময়েই উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের কেবল একটি লেন ব্যবহার করে সমাবেশ করতে হবে। অন্য লেনটি সাধারণ যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ খোলা রাখতে হবে, যাতে শহরে তীব্র যানজটের সৃষ্টি না হয়। কিন্তু পুলিশের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল এই নির্দেশ অমান্য করে পুরো ক্যাথিড্রাল রোড জুড়েই সভা পরিচালনা করে। ফলস্বরূপ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল চরম ব্যাহত হয়।
উল্লেখ্য, ২১ জুলাইয়ের সভার স্থান নির্বাচন ঘিরে শুরু থেকেই জটিলতা তৈরি হয়েছিল। প্রথমে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় কালীঘাট তৃণমূল। তবে পুলিশ সেখানে অনুমতি না দিয়ে বিকল্প হিসেবে হাজরা মোড় কিংবা ব্রিগেড ময়দানে সভা করার প্রস্তাব দেয়। বিষয়টি হাইকোর্টে গড়ালে আদালত ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার আবেদন খারিজ করে দেয়।
পরবর্তীতে আদালতের শুনানিতে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে আরও চারটি বিকল্প স্থানের তালিকা পেশ করা হয়। সমস্ত দিক খতিয়ে দেখে শর্তসাপেক্ষে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে সভা করার ছাড়পত্র দিয়েছিল হাইকোর্ট। কিন্তু পুলিশের দাবি, সমাবেশের উদ্যোক্তারা আদালতের নির্দেশ অমান্য করেছেন। সেই কারণেই এবার আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার।

