Kaliganj CPM | নিহত শিশু তামান্নার মাকে প্রার্থী করায় বিক্ষোভ, সাতজনকে ছেঁটে ফেলল নদিয়া জেলা সিপিএম

Kaliganj CPM | নিহত শিশু তামান্নার মাকে প্রার্থী করায় বিক্ষোভ, সাতজনকে ছেঁটে ফেলল নদিয়া জেলা সিপিএম

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ এবং দলীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর ঘটনায় কড়া পদক্ষেপ করল সিপিএম (CPM)। শুক্রবার নদিয়া জেলা সিপিএমের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাতজন দলীয় সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন— সইদুল শেখ, সেন্টু শেখ, জহিরউদ্দিন আহমেদ, অজয় সরকার, মোদস্‌সের মীর, এম রহমান এবং হানিফ মহম্মদ।

গত মঙ্গলবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) ১৯২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রে (Kaliganj) প্রার্থী হিসেবে চমক ছিল গত বছর নিহত শিশু তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনের নাম। অভিযোগ, এই নাম ঘোষণার পরেই স্থানীয় স্তরে ক্ষোভ তৈরি হয়। বিকেলে কালীগঞ্জের সিপিএম কার্যালয়ে একদল কর্মী-সমর্থক চড়াও হয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছালে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। সেই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই ‘বিদ্রোহী’দের কড়া বার্তা দিতে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জেলা নেতৃত্ব।

উল্লেখ্য, গত বছর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ৯ বছরের শিশু তামান্নার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। সেই সময় রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin)। সিপিএম তাঁকে প্রার্থী করায় তৃণমূলের পক্ষ থেকে ‘মৃত্যু নিয়ে রাজনীতি’ করার অভিযোগ তোলা হয়েছে। যদিও সাবিনা নিজে জানিয়েছিলেন, “মানুষের অনুরোধেই আমি প্রার্থী হয়েছি। অশান্তি যা হচ্ছে তা বিরোধীদের প্ররোচনা।”

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে দলের ভাবমূর্তি বজায় রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই বহিষ্কারের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *