নাগরাকাটা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Benagal Meeting Election 2026) আবহে রাজনৈতিক সমীকরণ মেলাতে ব্যস্ত প্রার্থীরা। শুক্রবার সকালে নাগরাকাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর (Sanjay Kujur) প্রতিবেশী মালবাজার কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বুলু চিকবরাইকের (Bulu Chik Baraik) সঙ্গে তাঁর রাঙামাটি চা বাগানের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই প্রার্থীর মধ্যে একান্ত আলোচনার পাশাপাশি অনুগামীদের নিয়ে একটি ছোট বৈঠকও অনুষ্ঠিত হয়। নাগরাকাটার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডার (Sukra Munda) বিরুদ্ধে মালবাজারে লড়াই করছেন বুলু চিকবরাইক। একসময় শুক্রা মুন্ডার সঙ্গে সঞ্জয় কুজুরের ঘনিষ্ঠতা থাকায়, রাজনৈতিক মহলের ধারণা—প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করার বিশেষ কৌশল বা ‘টিপস’ এদিন বুলুকে দিয়ে এসেছেন সঞ্জয়। যদিও সঞ্জয় কুজুর এটিকে নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন এবং ডুয়ার্সের একমাত্র মন্ত্রী হিসেবে বুলু চিকবরাইকের আশীর্বাদ ও প্রচারের অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে, বুলু চিকবরাইকও সঞ্জয়কে যোগ্য প্রার্থী হিসেবে অভিহিত করে তাঁর জয় নিয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
