ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটায় শ্যামাপুজোয় থিম প্যান্ডেল মানেই সবার আগে আসে তরুণ দলের নাম। তরুণ দল ফালাকাটা সহ গোটা ডুয়ার্সে বিগ বাজেটের শ্যামাপুজোর আয়োজক কমিটি হিসেবেই পরিচিত (Kali Puja 2025)। প্রতি বছর তারা থিমের প্যান্ডেল, চোখধাঁধানো আলোকসজ্জা সহ পুজো উপলক্ষ্যে নানা সামাজিক কর্মকাণ্ড করে সাড়া ফেলে দেয়। এবার তাদের থিমের নাম ত্রিমাত্রিক। মূলত থিমের মাধ্যমে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের রূপ ফুটিয়ে তোলা হবে মণ্ডপে। মণ্ডপ নির্মাণের কাজ প্রায় শেষমুহূর্তে। এবছরও তরুণ দল তাদের থিমের পাশাপাশি আলোকসজ্জা সহ নানা আকর্ষণ নিয়ে দর্শনার্থীদের চমকে দিতে প্রস্তুত।
তরুণ দলের শ্যামাপুজো কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক কুশল গুহ রায় ও সুশান্ত সেন তাঁদের থিমের কথা সবিস্তারে ব্যাখ্যা করলেন। জানালেন, বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই ত্রয়ীর জন্যই বিশ্বব্রহ্মাণ্ড টিকে আছে। তাঁদের মধ্যে সৃষ্টি ও ধ্বংসের কর্তা শিব। এই শিবের সঙ্গে ব্রহ্মা ও বিষ্ণুর সম্পর্কের স্বরূপ তাঁদের মণ্ডপ ও সজ্জায় প্রকাশ করা হবে।
লোহা, অ্যালুমিনিয়াম, কাচ, প্লাই দিয়ে সেই মণ্ডপ তৈরি করা হচ্ছে। তরুণ দল ক্লাবের অন্যতম কর্তা রাজা গুহ রায় বললেন, ‘পুরোপুরি পরিবেশবান্ধব উপকরণ দিয়ে আমাদের মণ্ডপ বানানো হচ্ছে। প্লাস্টিক ও থার্মোকল বর্জনের মুখ্য উদ্দেশ্য নিয়েই আমরা এবার থিম প্যান্ডেল তৈরি করছি। আমাদের আশা এই থিম গোটা ডুয়ার্সবাসীর মন কাড়বে।’
তরুণ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার তাদের পুজো ৬৬ বছর। শহরের জেলা পরিষদের ডাকবাংলো মাঠে এই মুহূর্তে চলছে তাদের ত্রিমাত্রিক মণ্ডপ তৈরির কাজ। মণ্ডপের সামনে বিশালাকার একটি শিবের মূর্তি বানানো হয়েছে। ঢুকতে গেলেই তা চোখে পড়বে। মণ্ডপের ভেতর আলো-আঁধারি মেলানো পরিবেশ। ভেতরে ঢুকলে মনে হবে যেন দর্শনার্থী নিজেই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেছেন।
এছাড়াও তরুণ দলের মণ্ডপের আশপাশে থাকছে সচেতনতার বার্তা। পাশাপাশি ট্রাফিক মোড় থেকে তরুণ দল ক্লাব পর্যন্ত রাস্তা সাজানো হবে চন্দননগরের আলোকসজ্জা দিয়ে। মোট ৫টি বড় আলো দিয়ে সাজানো তোরণ থাকবে।
পুজোর চারদিন আগত দর্শনার্থীদের জন্য থাকছে ‘আনন্দমেলা’র আয়োজন। থিমের মণ্ডপের পেছনেই বসবে সেই মেলা। সেখানে বিভিন্ন স্টল থাকবে। থাকবে বাহারি খাবারের আয়োজনও। ফলে ঠাকুর দেখতে এসে মেলায় ঘোরার মজাও উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
উদ্যোক্তারা আশাবাদী, থিমের মণ্ডপ, চোখধাঁধানো আলোকসজ্জা, আনন্দমেলা সহ আরও একাধিক উপভোগের উপকরণের ডালিতে সাজানো এবার তরুণ দলের আয়োজন ফালাকাটাবাসীর মন কেড়ে নেবে।
