বয়স বাড়ার সঙ্গে হাঁটু-কোমরের ব্যথা যেন মহিলাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। কিন্তু এর নেপথ্যে কি শুধু বয়স, নাকি মেনোপজের পর হরমোনের পরিবর্তনও বাড়ায় হাড় ও জয়েন্টের সমস্যা? বিস্তারিত জানালেন কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন ডা. মৃণালকান্তি সাহা।
শুধু মহিলাদের নয়, বয়স বাড়লে পুরুষদেরও হাঁটু, কোমর ও হাত-পায়ে ব্যথা হতে পারে। এর অন্যতম কারণ অস্টিওআর্থ্রাইটিস বা জয়েন্টের ক্ষয়। বয়সের সঙ্গে হাড়ের ঘনত্ব কমে এবং পেশির টোনও কমে যায়, যাকে সারকোপেনিয়া বলা হয়। শারীরিক নড়াচড়া কমে গেলে জয়েন্ট বা সন্ধিস্থলের নমনীয়তাও কমে গিয়ে স্টিফনেস ও দুর্বলতা বাড়ে। এর সঙ্গে ভিটামিন ডি এবং হরমোনেরও ভূমিকা রয়েছে।
আরও পড়ুন:

গ্রামের মহিলাদের অতিরিক্ত পরিশ্রম বা ভারী কাজের কারণে কী ধরনের সমস্যা বেশি হয়?
বয়স বাড়ার সঙ্গে, বিশেষ করে ৪০-এর পর মহিলাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে। হাঁটুর আর্থ্রাইটিস, কোমরের ব্যথা ও শরীরের বিভিন্ন অংশে ব্যথা দেখা দিতে পারে। তবে গ্রামের মহিলারা তুলনামূলক বেশি সক্রিয় থাকায় তাঁদের পেশি ও হাড়ের কার্যক্ষমতা ভালো থাকতে পারে। শহরাঞ্চলে দীর্ঘক্ষণ বসে কাজ বা সেডেন্টারি লাইফস্টাইলের কারণে পেশির দুর্বলতা ও হাড়ের সমস্যার ঝুঁকি বাড়ে।

মেনোপজের পর হাড়ের ঘনত্ব কেন কমে?
মেনোপজের পর ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। এই হরমোন হাড়ের ক্ষয় ধীর করতে সাহায্য করে। ফলে ইস্ট্রোজেন কমলে হাড়ের ঘনত্ব কমে অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়তে পারে। তাই এই সময় নতুন করে জয়েন্ট বা হাড়ের ব্যথা শুরু হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সাধারণ কাজের পরের ব্যথা আর জয়েন্টের সমস্যার ব্যথা কীভাবে বুঝবেন?
অতিরিক্ত পরিশ্রমের পর পেশিতে যে ব্যথা হয়, সাধারণত এক-দু’দিন বিশ্রাম নিলে তা কমে যায়। কিন্তু জয়েন্টে প্রদাহ বা তীব্র ব্যথা হলে শুধু বিশ্রাম নিলেই তা কমে না। দীর্ঘস্থায়ী বা বারবার ফিরে আসা ব্যথার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
হাঁটু বা কোমরে ব্যথা হলে বিশ্রাম, নাকি ব্যায়াম?
জয়েন্ট ফুলে গেলে, লাল বা গরম হয়ে গেলে এবং তীব্র ব্যথা থাকলে সেটি অ্যাকিউট পর্যায় হতে পারে। তখন বিশ্রাম প্রয়োজন। কিন্তু দীর্ঘদিনের ক্রনিক ব্যথার ক্ষেত্রে শুধু বিশ্রাম নয়, নিয়মিত শারীরিক সক্রিয়তাও জরুরি। হাঁটা, যোগব্যায়াম, সাইক্লিং বা সাঁতারের মতো ব্যায়াম, যেগুলো সন্ধিস্থলে কম চাপ দেয় সেগুলো উপকারী হতে পারে।
গরম সেঁক বা মালিশ করা যায়?
জয়েন্টে তীব্র প্রদাহ থাকলে গরম সেঁক দেওয়া উচিত নয়। সে ক্ষেত্রে ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে। জোরে মালিশ করাও ঠিক নয়। বিশ্রাম ও জীবনযাত্রায় পরিবর্তনের পরেও ব্যথা না কমলে চিকিৎসকের কাছে যেতে হবে। বিশেষ করে মহিলাদের ৪০-এর পর এবং পুরুষদের ৫৫-এর পর নতুন করে জয়েন্টের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হাঁটুর সন্ধিস্থল ক্ষয়ে গেলে কি তা আর ঠিক করা সম্ভব নয়?
অস্টিওআর্থ্রাইটিসের বিভিন্ন গ্রেড রয়েছে। গ্রেড ১ বা ২-এর মতো প্রাথমিক পর্যায়ে ওষুধ, ব্যায়াম ও ফিজিওথেরাপির মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু ক্ষয় গুরুতর হলে জয়েন্ট রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে পারে।
হাড় ও জয়েন্ট ভালো রাখতে কী ধরনের জীবনযাপন করা উচিত?
ছোটবেলা থেকেই নিয়মিত শারীরিক ব্যায়াম ও আউটডোর অ্যাক্টিভিটির অভ্যাস করা উচিত। ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার জরুরি। নিয়মিত রোদে থাকাও ভিটামিন ডি-এর জন্য গুরুত্বপূর্ণ। অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করলে সঠিক ভঙ্গি বজায় রাখতে হবে এবং মাঝে মাঝে উঠে হাঁটা বা স্ট্রেচিং করা উচিত। সবশেষে, নিয়মিত হাঁটাই শরীর সক্রিয় রাখার অন্যতম সহজ উপায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
