উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জ্যাক স্প্যারো, এডওয়ার্ড সিজরহ্যান্ডস, উইলি ওয়াঙ্কা কিংবা ম্যাড হ্যাটারের মতো আইকনিক চরিত্রে বিশ্বজোড়া খ্যাতি অর্জনের পর আরও এক নতুন ও চমকপ্রদ চরিত্রে পর্দায় ফিরছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ (Johnny Depp)। চার্লস ডিকেন্সের অমর সৃষ্টি ‘এ ক্রিসমাস ক্যারল’ (A Christmas Carol) অবলম্বনে নির্মিত আসন্ন সিনেমা ‘ইবেনেজার’ (Ebenezer)-এ কেন্দ্রীয় চরিত্র ইবেনেজার স্ক্রুজের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সম্প্রতি ছবিটির প্রথম ট্রেলার প্রকাশ্যে এসেছে, যা মুক্তির পর থেকেই অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি করেছে।
নির্মাতাদের প্রকাশ করা টিজারে একটি বিশেষ পংক্তি নজর কেড়েছে— “যে নাম আপনি জানেন, যে গল্প আপনি জানেন না।” এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে, চিরাচরিত ধারার বাইরে বেরিয়ে সম্পূর্ণ নতুন ও অভিনব একটি প্রেক্ষাপটে তুলে ধরা হবে এই ক্লাসিক গল্পটি।
ট্রেলারে দেখা গিয়েছে, জনি ডেপের নিদারুণ খিটখিটে ও রাগী স্বভাবের স্ক্রুজ চরিত্রটিকে কীভাবে ভয়ংকর সব ক্রিসমাস ঘোস্ট বা অতিলৌকিক আত্মারা তাড়া করে বেড়াচ্ছে। অতীতের বেদনাবিধুর স্মৃতির মুখোমুখি হওয়ার পাশাপাশি স্ক্রুজের পাগলামি, বরফ ছোঁড়ার দৃশ্য এবং খামখেয়ালি মেজাজ দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে, ট্রেলারের একদম শেষে স্ক্রুজের মুখে উচ্চারিত সংলাপ— “ফিরে আসতে পেরে ভালো লাগছে” যেন অভিনেতার বাস্তব জীবনের কামব্যাককেই প্রতিধ্বনিত করে।
প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে দীর্ঘ ও তিক্ত আইনি লড়াই এবং মানহানির মামলার পাট চুকিয়ে এটিই জনি ডেপের প্রথম কোনো বড় বাজেটের হলিউড প্রজেক্ট। পারস্পরিক ঘরোয়া হিংসার অভিযোগ এবং আইনি জটিলতার জেরে কর্মজীবন থেকে কিছুটা দূরে থাকতে হয়েছিল তাঁকে। দীর্ঘ বিরতির পর এই ছবিটির মাধ্যমেই তিনি ফের মূল ধারার হলিউডে রাজকীয় প্রত্যাবর্তন করছেন।
শুধু জনি ডেপই নন, এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে একঝাঁক প্রথম সারির তারকাকে। ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা রুপার্ট গ্রিন্টকে দেখা যাবে বব ক্র্যাচিট তথা স্ক্রুজের ব্যবসায়িক অংশীদারের ভূমিকায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অ্যান্ড্রিয়া রাইজবরো, স্যাম ক্ল্যাফলিন, ডেইজি রিডলি, ইয়ান ম্যাককেলেন সহ আরও অনেকে। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর মাসেই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই সিনেমা।

