Jeetendra Mishra CEO Ram Mandir | রাম মন্দিরে প্রণামী চুরি বিতর্ক! ভাবমূর্তি বাঁচাতে প্রথম সিইও হিসেবে প্রাক্তন সেনা কর্তাকে নিয়োগ ট্রাস্টের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাম মন্দিরে প্রণামী চুরি সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হওয়া সমালোচনার মাঝেই নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে এবং অনুদানের প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছ্বতা আনতে বড় পদক্ষেপ করল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Jeetendra Mishra CEO Ram Mandir)। মন্দিরের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত করতে এই প্রথম একজন পেশাদার চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও (CEO) নিয়োগ করল ট্রাস্ট। এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত সিনিয়র কমান্ডার তথা এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র।

অযোধ্যার মণিরামদাস ছাউনিতে ট্রাস্টের বৈঠকে সর্বসম্মতভাবে জিতেন্দ্র মিশ্রের নাম অনুমোদন করা হয়। দীর্ঘ ও কঠোর নির্বাচন প্রক্রিয়ার পর তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাস্ট সূত্রে খবর, এই পদের জন্য প্রাথমিকভাবে সারা দেশ থেকে ৫,৫৮৫টি আবেদন জমা পড়েছিল। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-ভিত্তিক স্ক্রিনিং, ম্যানুয়াল মূল্যায়ন, ভার্চুয়াল ইন্টারঅ্যাকশন এবং চূড়ান্ত সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হয়। জানা গেছে, চূড়ান্ত বিবেচনায় থাকা প্রার্থীদের মধ্যে তিনজন প্রাক্তন আইএএস, একজন প্রাক্তন আইপিএস এবং চারজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী ছিলেন। ট্রাস্টের সচিব সমীর পান্ডা জানিয়েছেন, রাম মন্দির প্রকল্পের কাজ ও পরিকাঠামো ক্রমশ বিস্তৃত হওয়ায় প্রশাসনিক কাজ মসৃণ করতে এই পূর্ণকালীন সিইও নিয়োগ করা হয়েছে।

এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র দীর্ঘ প্রায় ৩৯ বছর ভারতীয় বায়ুসেনার হয়ে দেশসেবা করেছেন। পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী মিশ্র আমেরিকা ও ব্রিটেনেও পড়াশোনা করেছেন। ১৯৮৬ সালে ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলট হিসেবে কর্মজীবন শুরু করা মিশ্রের ৩ হাজার ঘণ্টারও বেশি সময় বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন কম্যান্ডের প্রধান পদে নিযুক্ত হন এবং ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর এই বীরত্ব ও দক্ষতার জন্য তাঁকে ‘অতি বিশিষ্ট সেবা মেডেল’ এবং ‘বিশিষ্ট সেবা মেডেল’-এ ভূষিত করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, এয়ার মার্শাল মিশ্রকে স্থায়ীভাবে অযোধ্যাতেই বসবাস করতে হবে। রাম মন্দিরের সমস্ত কাজকর্ম, অনুদান গণনা এবং মন্দিরের রক্ষণাবেক্ষণের পুরো বিষয়টি এবার থেকে তাঁর কড়া নজরে থাকবে। পাশাপাশি, শর্তে বলা হয়েছে যে তাঁকে একজন একনিষ্ঠ হিন্দু হতে হবে এবং ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অগাধ ভক্তি ও বিশ্বাস থাকতে হবে। একই সঙ্গে তাঁকে হিন্দি এবং ইংরেজি—উভয় ভাষাতেই সমানভাবে পারদর্শী হতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *