জটেশ্বর: মায়ের সাথে দাদুর বাড়ি বেড়াতে এসে মুজনাই নদীর জলে ডুবে মৃত্যু হল বছর তিনেকের এক শিশুর। ঘটনাটি ঘটেছে জটেশ্বর (Jateshwar)-১ গ্রাম পঞ্চায়েতের নবনগর কালিবাড়ি এলাকার মুজনাই নদীতে।
এদিন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ ওই শিশুর দাদুর বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার ভাটির দিকে শিশুটির নিথর দেহের খোজ পান প্রতিবেশীরা। তড়িঘড়ি তাকে মোটর সাইকেলে চাপিয়ে ফালাকাটা (Falakata) সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
জানা গেছে, পাঁচদিন আগে ধূপগুড়ি (Dhupguri) ওভারব্রিজ এলাকা থেকে জটেশ্বর কালিবাড়ি এলাকায় দাদু সহদেব সরকারের বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে ৩ বছরের ওই শিশুটি। দাদুর বাড়িতে শিশুটিকে রেখে বাড়ি চলে যান শিশুটির মা। এরপর রবিবার বিকেল নাগাদ খেলতে খেলতে আচমকা নিখোঁজ হয়ে যায় ওই শিশুটি। এরপরেই প্রতিবেশী ও স্থানীয়রা মিলে নদীতে নেমে তল্লাশি শুরু করে। বেশ কিছুক্ষন তল্লাশির পর প্রায় ২ কিলোমিটার ভাটির দিকে উদ্ধার হয় শিশুটির দেহ।
এদিকে ছেলে জলে ডুবে যাওয়ার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুটির বাবা কৃষ্ণ বর্মন। তিনি বলেন, ‘এরকম ভাবে ছেলেকে হারাতে হবে কল্পনাও করতে পারছি না।’ জটেশ্বর ফাড়ির তরফে জানানো হয়েছে, শিশুটির দেহ ফালকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে। আগামীকাল দেহটির ময়নাতদন্ত করা হবে।
