Jammu and Kashmir | জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিরাট সাফল্য, খতম দুই সন্দেহভাজন জইশ জঙ্গি – Uttarbanga Sambad

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উধমপুর জেলায় (Udhampur) নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে নিকেশ দুই সন্দেহভাজন জঙ্গি। বুধবার গভীর রাতে চলা এই অভিযান সফল করে দেশের যৌথ সুরক্ষা বাহিনী। প্রাথমিক অনুমান, নিহত দুজন পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)-এর সঙ্গে সদস্য ছিল। পাশাপাশি তারা বিদেশি নাগরিক। তবে তাদের সঠিক পরিচয় যাচাই করে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহান এলাকায় সন্দেহভাজনদের গতিবিধি লক্ষ্য করে একটি তল্লাশি অভিযান শুরু করেছিল যৌথ বাহিনী। এই তল্লাশি চলাকালীনই আত্মগোপন করে থাকা জঙ্গিরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, যার ফলে তুমুল সংঘর্ষ বেঁধে যায়।

রাতভর চলা ভারী গোলাগুলির পর ভোরের আলো ফুটতেই তল্লাশি চালিয়ে ওই দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করে জওয়ানেরা। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদও বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা (স্পেশাল ফোর্সেস) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করেছিল।

উল্লেখ্য, সম্প্রতি মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাকিস্তান নিবাসী এক লস্কর-ই-তৈবা (LeT) কমান্ডার নিকেশ হয়েছিল। নিহত ওই জঙ্গির নাম ইয়াসির ছিল এবং সে বৃহত্তর লস্করপন্থী সুলেমান মুসা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। যদিও গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, প্রায় এক বছর আগে সে ওই দল থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে নিজের তৎপরতা চালিয়ে যাচ্ছিল। তবে বুদগামের অভিযানের কয়েকদিনের মাথায় এবার উধমপুরে দুই সন্দেহভাজন জঙ্গির মৃত্যু নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *