জলপাইগুড়ি: বিজয়া দশমীর পূর্ণ তিথিতে দেবী দুর্গার চরণে থরে থরে সাজানো ধারালো তরবারি, দা, কুড়ুল, বটিসহ হরেক রকমের অস্ত্র বা ‘শস্ত্র’! পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণ আর ঘণ্টা-কাঁসরের আওয়াজে ধূপধুনোর ধোঁয়ায় পুজো মণ্ডপে সৃষ্টি হলো এক অলৌকিক ও গম্ভীর পরিবেশের। বিজয়া দশমীতে সনাতনী সুপ্রাচীন ঐতিহ্য ও শাস্ত্রীয় আচার বজায় রেখে জলপাইগুড়ি শহরের শিয়ালপাড়া এলাকার অগ্রগামী সংঘের পুজো মণ্ডপে অনুষ্ঠিত হলো জমকালো ‘শস্ত্র পুজো’ (অস্ত্র পুজো) (Jalpaiguri Shastra Puja)।
বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এবং বজরং দলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই শস্ত্র পুজোয় এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় অধিবাসীরা নিজ নিজ বাড়ি থেকে তরবারি, দা, কুড়ুল, বটি সহ নানা ধরনের পারিবারিক অস্ত্র এনে দেবী প্রতিমার চরণে রাখেন। এরপর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর মহাশক্তির প্রতীক হিসেবে সেই সমস্ত শস্ত্র পুজো করা হয়।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, বিজয়া দশমী তিথিতে শস্ত্র পুজো করা অত্যন্ত প্রাচীন ও সুসংহত সনাতনী প্রথা। অতীতে প্রতি ঘরে ঘরে দশমীর দিনে পারিবারিক শস্ত্র পুজোর রীতি প্রচলিত ছিল। আধুনিক যুগে হারিয়ে যেতে বসা সেই সুপ্রাচীন প্রথা ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত এবং সমাজসচেতনতা বাড়িয়ে তুলতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। বর্তমান সমাজে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আত্মরক্ষার পাশাপাশি নারীদের আদ্যাশক্তি ও শক্তিরূপিণী হিসেবে জাগ্রত করার বার্তা দেওয়াই ছিল এই শস্ত্র পুজো আয়োজনের অন্যতম মূল উদ্দেশ্য।

