উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আগামী বিশ্বকাপে তাঁকে দেখা যাবে না বলে আগেই পরিষ্কার করে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে ক্লাব কিংবা আন্তর্জাতিক ফুটবল থেকে ঠিক কবে তিনি বুটজোড়া তুলে রাখবেন, এতদিন সেই বিষয়ে কিছু জানাননি পর্তুগিজ মহাতারকা। অবশেষে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, চলতি মরশুমই হয়তো তাঁর পেশাদার ফুটবলের শেষ মরশুম হতে চলেছে।
৪১ বছর বয়সি রোনাল্ডো সাক্ষাৎকারে বলেন, “এটাই হয়তো ফুটবলে আমার শেষ মরশুম। তাই আমি অসাধারণ একটা ছাপ রেখে যেতে চাই।” বয়স বাড়লেও তাঁর ফিটনেস ও জয়ের খিদে এখনও আগের মতোই রয়েছে। অবসরের কথা ঘোষণা করার পাশাপাশি তিনি নিজের পরবর্তী বড় লক্ষ্যও স্থির করে ফেলেছেন। পেশাদার ফুটবলে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়াই এখন তাঁর মূল লক্ষ্য। বর্তমানে তাঁর গোলসংখ্যা ৯৭৬, অর্থাৎ হাজারের কোঠা ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ২৪টি গোল।
ফুটবলকে বিদায় জানানোর পর তাঁর জীবন কেমন হবে, সেই নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা সেরে ফেলেছেন সিআর সেভেন। এই প্রসঙ্গে তিনি জানান, “ভবিষ্যতের জন্য পরিকল্পনা ছকে রেখেছি। নিজেকে ব্যস্ত রাখার অনেক উপায় আমার কাছে আছে। তবে ফুটবল না থাকলে একটা শূন্যতা তো তৈরি হবেই। তার মোকাবিলা করতে হবে।” ফুটবল ছাড়ার পর জীবনকে অন্যভাবে উপভোগ করতে চান তিনি। তাঁর কথায়, “অনেক ঘুরব। মজা করব। প্যাডেল খেলব। যা রোজগার করেছি, তা কাজে লাগাব। ২৫ বছর ধরে অনেক ত্যাগ করেছি। এবার উপভোগের সময়।”
ব্যক্তিগত জীবনেও সম্প্রতি একটি নতুন অধ্যায় শুরু করেছেন রোনাল্ডো। গত ১১ অগাস্ট দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাঁচ সন্তানের জনক রোনাল্ডো বুটজোড়া তুলে রাখার পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। ছ’বার বিশ্বকাপে অংশ নিলেও ট্রফি ছোঁয়ার স্বপ্ন অধরা থেকে গিয়েছে। তবে অবসরের আগে দেশ ও ক্লাবের জার্সিতে এক হাজার গোলের মাইলফলক ছুঁয়ে তিনি রূপকথার মতো ফুটবল জীবন শেষ করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

