Jalpaiguri | ধরণীপুর চা বাগানের অচলাবস্থা কাটানোর দাবিতে জলপাইগুড়ি জেলা প্রশাসনের দ্বারস্থ আদিবাসী বিকাশ পরিষদ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


জলপাইগুড়ি: নাগরাকাটার (Nagrakata) ধরণীপুর চা বাগানের দীর্ঘস্থায়ী অচলাবস্থা ও শ্রমিকদের চরম দুর্দশা কাটাতে আসরে নামল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। পুজোর বোনাস ও বকেয়া মজুরি নিয়ে চলা সংকটের জেরে সোমবার সংগঠনের নেতৃত্বে চা বাগানের (Tea Backyard) শ্রমিকদের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলাশাসকের দপ্তরে এসে স্মারকলিপি জমা দেন এবং প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।

প্রায় কুড়ি বছর বন্ধ থাকার পর ২০২২ সালে তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে নতুন মালিকের অধীনে বাগানটি চালু হয়েছিল। কিন্তু কিছুদিন পর সেই মালিক দায়িত্ব ছেড়ে দেন এবং পরবর্তীতে ২০২৫ সালে ফের এক নতুন মালিক দায়িত্ব নেন। কোনোমতে বাগানটি চললেও চলতি বছরের পুজোর বোনাস নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়।

শ্রমিকদের একাংশের অভিযোগ, নতুন মালিক ৬ মাসের হিসেবে বোনাস দেওয়ার ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে বিভেদ তৈরি হয় এবং অনেকেই বোনাস পাননি। এরপর পুজোর সময় থেকেই ম্যানেজার সহ বাগান কর্তৃপক্ষ এলাকা ছেড়ে চম্পট দেয়। বোনাসের পাশাপাশি শ্রমিকদের দুটি মজুরিও বকেয়া রয়েছে। বর্তমানে কাজ বন্ধ থাকায় অনাহার ও চরম অনিশ্চয়তার মুখে দিন কাটাচ্ছেন চা শ্রমিকরা।

এদিন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক ডা. হরিশ রশিদের (Dr. Haaris Rasheed) সঙ্গে বৈঠক করে আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক বিকাশ বার্লা সহ প্রতিনিধি দলটি। প্রশাসনের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়েছে:

  • স্থায়ী সমাধানের জন্য বাগানটি এমন কোনো সক্ষম নতুন মালিকের হাতে তুলে দেওয়া হোক যিনি সুষ্ঠুভাবে তা পরিচালনা করতে পারবেন।
  • যতদিন পর্যন্ত বাগানের পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, ততদিন শ্রমিকদের জন্য মাসিক ‘ফাউলাই’ (বন্ধ বাগানের সরকারি আর্থিক অনুদান) ও ‘স্পেশাল রেশনের’ ব্যবস্থা করতে হবে।

বৈঠকের পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলা প্রশাসনের তরফে তাদের দাবিদাওয়া নিয়ে অত্যন্ত ইতিবাচক ও সদর্থক বার্তা মিলেছে। শীতের মুখে বাগানের এই শ্রমিক অসন্তোষ মেটাতে এখন জেলা প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *