নাগরাকাটা: প্রবল জলের স্রোতে ভেসে যেতে যেতে বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছিলেন মা ও ছেলে। আর সেখানে বসেই কার্যত মৃত্যুর প্রহর গুনছিলেন দুজনেই। ৫ অক্টোবর সকালের ঘটনা। জলপাইগুড়ির (Jalpaiguri) বামনডাঙ্গা মডেল ভিলেজের বাসিন্দা মা জিতনি মাংকিমুন্ডা ও যোশেফ মাংকিমুন্ডাকে বাঁচাতে কার্যত দেবদূতের মতো হাজির হন গ্রামেরই বাসিন্দা ধানি মাহালি।
কোনওরকমে একটি দড়ি জোগাড় করেন তিনি। তা দিয়ে নিজেকে বেঁধে নেন। টেনে ধরে রাখার জন্য দড়ির রাশ তুলে দেন কয়েকজনের হাতে। এর পরের ঘটনা যেন সিনেমাকেও হার মানায়। জল উপেক্ষা করেও একে একে দুজনকেই পিঠে করে বয়ে এনে সুরক্ষিত স্থানে নিয়ে আসেন ধানি। তিনি জানান, চোখের সামনে দু’জন ভেসে যাবে, তা মেনে নিতে পারিনি। তাই ঠিক করেছিলাম, যেভাবেই হোক ওঁদেরকে বাঁচাতে হবে। জিতনি জানান, ধানি মাহালি তাঁদের কাছে ঈশ্বর ছাড়া আর কিছু নয়।
