Alipurduar | টোটোপাড়ায় ছড়াচ্ছে ম্যালেরিয়া, উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর 

Alipurduar | টোটোপাড়ায় ছড়াচ্ছে ম্যালেরিয়া, উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর 

ব্লগ/BLOG
Spread the love


অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: একদিকে প্রাকৃতিক দুর্যোগ, আরেকদিকে ম্যালেরিয়ার (Malaria) চোখরাঙানি। দুটোই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আলিপুরদুয়ারের (Alipurduar) জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের। প্রাকৃতিক দুর্যোগে যেমন নির্দিষ্ট কিছু এলাকা নিয়ে চিন্তা বেড়েছে, তেমনই ম্যালেরিয়া নিয়ে চিন্তা বাড়াচ্ছে মাদারিহাট-বীরপাড়া ব্লকের টোটোপাড়া। সেই এলাকায় গত দু’সপ্তাহ থেকে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ।

গোটা মাদারিহাট ব্লকে এখনও পর্যন্ত ২২ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন। আর তাঁদের মধ্যে ১৮ জনই টোটোপাড়ার বাসিন্দা। বর্তমানে সেখানে ১২ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন। তাঁদের মধ্যে ৭ জনকে রাখা হয়েছে হোম কোয়ারান্টিনে। অর্থাৎ তাঁদের বাড়ি থেকে বের হওয়া বন্ধ। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে করোনাকালের স্মৃতি।

যদিও স্বাস্থ্যকর্তারা বলছেন, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে। মাদারিহাটের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক সরকারের কথায়, ‘টোটোপাড়ার ম্যালেরিয়া পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে। গত দু’-তিনদিনে নতুন করে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়নি। এলাকায় প্রতিদিন নজরদারি চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।’

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, টোটোপাড়ায় এই রোগ ছড়িয়েছে নাকি বাইরে থেকে। এলাকায় ম্যালেরিয়া আক্রান্ত রোগীর হদিস মেলে প্রায় এক মাস আগে। দিল্লি থেকে আসা সেই বাসিন্দাই এই দফায় প্রথম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। সেটা গত ১০ সেপ্টেম্বরের কথা। তখনই প্রমাদ গুনেছিলেন স্বাস্থ্যকর্তারা। তাঁদের আশঙ্কা সত্যি করেই গত দুই সপ্তাহে হুহু করে ম্যালেরিয়া বেড়েছে সেখানে। স্বাস্থ্য দপ্তর সমীক্ষা করে দেখেছে যে ওই গ্রামের ১৮ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮ জনই ভিনরাজ্য থেকে টোটোপাড়ায় এসেছেন।

জেলা স্বাস্থ্য দপ্তর মনে করছে, ভিনরাজ্য থেকে যাঁরা টোটোপাড়ায় ফেরেন, তাঁদের মাধ্যমেই গ্রামে বেশি ম্যালেরিয়া ছড়িয়েছে। যাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাঁদের কয়েকজনকে আবার মাদারিহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সম্প্রতি তাঁদের ছুটি দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। বর্তমানে কেউ আর হাসপাতালে ভর্তি নেই। এখন যাঁরা ম্যালেরিয়ায় আক্রান্ত, তাঁদের বেশিরভাগ সময় ঘরে মশারির ভিতর থাকতে বলা হয়েছে। এছাড়াও টোটোপাড়ার ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের প্রতিদিন ওষুধ খাইয়ে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। কারও ওষুধ খাওয়া যাতে বাদ না যায়, সেদিকে কড়া নজর রয়েছে স্বাস্থ্য দপ্তরের। এছাড়া জ্বরের রোগী পাওয়া গেলেই দ্রুত তাঁর রক্ত পরীক্ষা করানো হচ্ছে। গত বছর কুমারগ্রাম ব্লকের জয়ন্তী, রায়ডাক এলাকায় হুহু করে ম্যালেরিয়া ছড়িয়েছিল। এবার টোটোপাড়ায় যাতে তেমনটা না হয়, সেজন্য আগেভাগেই সতর্ক হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। স্থানীয় জনপ্রতিনিধিদের গ্রামবাসীদের সচেতন করতে বলা হয়েছে। টোটোপাড়া বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ টোটোর বক্তব্য, ‘স্বাস্থ্য দপ্তরের নির্দেশমতো গ্রামে সচেতনতার প্রচার করা হচ্ছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের দেওয়া ৩০০ মশারি বিতরণ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মশার লার্ভা মারতে রাসায়নিক স্প্রে করা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *