Jalpaiguri | ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে জলপাইগুড়িতে দিনেদুপুরে কেপমারি! সাড়ে পাঁচ লক্ষ টাকার সোনার গয়না উধাও

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


জলপাইগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে ক্রাইম ব্রাঞ্চের (Crime Department) ভুয়া অফিসার সেজে অভিনব কায়দায় সাড়ে পাঁচ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটল। খোদ জেলা পরিষদ সংলগ্ন এলাকায় দিনেদুপুরে ঘটা এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে।

শহরের দেশবন্ধুনগরের বাসিন্দা তথা জেলা পরিষদ চত্বরের এক ক্যান্টিন মালিক রথীন কুণ্ডু প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ স্কুটি নিয়ে ক্যান্টিনে যাচ্ছিলেন। সেই সময় জেলা পরিষদ সংলগ্ন রাস্তায় হেলমেট পরা দুই হিন্দিভাষী মোটরবাইক আরোহী তাঁর পথ আটকায়। রথীনবাবু ভুল দিক দিয়ে স্কুটি চালাচ্ছেন দাবি করে তারা তর্কে জড়িয়ে পড়ে এবং নিজেদের ‘ক্রাইম ব্রাঞ্চের অফিসার’ বলে পরিচয় দিয়ে একটি আইকার্ড দেখায়।

এরপর শহরে সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে জানিয়ে তারা রথীনবাবুকে গলার চেন ও হাতের আংটি খুলে পকেটে রাখতে বলে। তাদের কথায় বিশ্বাস করে রথীনবাবু ৪টি সোনার (Gold) আংটি ও ২টি সোনার চেন খুলে ফেললে, ওই দুই যুবক সেগুলি একটি কাগজে মুড়ে তাঁর পকেটে ঢুকিয়ে দেয়। একই কায়দায় তারা অন্য এক মোটরসাইকেল আরোহীরও গয়না পকেটে ঢুকিয়ে চম্পট দেয়।

ক্যান্টিনে পৌঁছানোর পর ঘোর কাটে রথীনবাবুর। পকেট থেকে কাগজটি বের করে তিনি দেখেন ভেতরে গয়নার বদলে একটি পাথর রাখা রয়েছে, সমস্ত সোনার গয়না উধাও! বিয়ের স্মৃতিবিজড়িত বহুমূল্য গয়না এভাবে চোখের নিমেষে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই প্রৌঢ়।

এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে এবং প্রাথমিক অনুমান, এর পেছনে ভিনরাজ্যের কোনো পেশাদার প্রতারণা চক্র জড়িত থাকতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *