উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। ঠিক তার আগেই গ্রেপ্তার হতে পারেন, এমন আশঙ্কা প্রকাশ করে সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) দ্বারস্থ হলেন ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) জাহাঙ্গির খান (Jahangir Khan)।
এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন জাহাঙ্গির। এরপরই তাঁকে মামলা করার অনুমতি দিয়েছেন তিনি। দুপুর ২টোয় এই মামলার শুনানির কথা রয়েছে। আদালতের দ্বারস্থ হয়ে জাহাঙ্গির অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা ও এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্যে তাঁর বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা রয়েছে, তা স্পষ্ট করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত জাহাঙ্গিরের এই আইনি পদক্ষেপের নেপথ্যে রয়েছে রাজনৈতিক চাপানউতোর।
গত শনিবার ফলতার এক জনসভা থেকে জাহাঙ্গিরকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘ভোট শেষ হলেই ব্যবস্থা নেওয়া হবে।’ এরপরই গ্রেপ্তারি এড়াতে তড়িঘড়ি আদালতের শরণাপন্ন হলেন তৃণমূল প্রার্থী।
প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে জাহাঙ্গির খান এক প্রভাবশালী নাম। বিধানসভা ভোটের সময় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক তথা উত্তরপ্রদেশের আইপিএস অজয়পাল শর্মার সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়েছিল। বিজেপির দাবি, জাহাঙ্গিরের নেতৃত্বেই ওই এলাকায় সন্ত্রাস, বুথ দখলের রাজনীতি চলেছে। ভোট মিটে যাওয়ার পর ফলতার বেশ কিছু বুথে অশান্তির অভিযোগে কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আপাতত হাইকোর্ট তাঁকে কোনও রক্ষাকবচ দেয় কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
