উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অপ্রতিরোধ্য লাল হলুদের মহিলা ব্রিগেড। মঙ্গলবার ইন্ডিয়ান উইমেন্স লিগে (IWL) গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল গোলের বন্যায় ভাসিয়ে দিল সেসা এফসিকে। এদিন ওডিশায় সেসাকে ৯-০ গোলে হারিয়ে দেয় অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। এদিনের জয়ে লিগ টেবিলে নিজেদের আধিপত্য বজায় রাখল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের নায়ক দুই স্ট্রাইকার— ফাজিলা ইকুয়াপুট এবং সৌম্যা গুগুলোথ। ফাজিলা একাই করলেন ৪ গোল এবং সৌম্যার পা থেকে এল দর্শনীয় হ্যাটট্রিক।
লিগের আগের দুটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ের মুখ দেখেছিল ইস্টবেঙ্গল। কিন্তু এদিন প্রথম মিনিট থেকেই সেসার রক্ষণভাগ নিয়ে ছেলেখেলা শুরু করেন ইস্টবেঙ্গলের মেয়েরা। প্রথমার্ধেই ছয়-ছয়টি গোল করে ফেলেন ফাজিলা-সৌম্যারা। দ্বিতীয় অর্ধেও একইভাবে আক্রমণের ধারা বজায় রাখে লালহলুদের মেয়েরা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় দলের সপ্তম ও নিজের দ্বিতীয় গোলটি করেন সৌম্যা।
৭২ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল পেয়ে একক দক্ষতায় গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়িয়ে নিজের চতুর্থ গোল করেন ফাজিলা। অন্যদিকে, ৮৬ মিনিটে নিজের বহুপ্রতীক্ষিত হ্যাটট্রিক সম্পন্ন করেন সৌম্যা গুগুলোথ। তাঁদের এই বিধ্বংসী ফর্মে সেসা এফসি-র ফুটবলাররা কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন।
অ্যান্থনি অ্যান্ড্রুজের কোচিংয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল। এবারও তাঁরা টুর্নামেন্টের হট ফেভারিট। টানা তিন ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষস্থানের দাবি জোরালো করল তারা। ফুটবল বিশেষজ্ঞদের মতে, লাল-হলুদ ব্রিগেডের এই ক্লিনশিট এবং বড় ব্যবধানে জয় পরবর্তী কঠিন ম্যাচগুলোর আগে দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দেবে। সব মিলিয়ে, আইডব্লিউএলে আপাতত লাল-হলুদ আগুনেই পুড়ছে প্রতিপক্ষরা।
