উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতির প্রতিশ্রুতি কি কেবলই খাতায়-কলমে? লেবাননের (Israel-Lebanon) বর্তমান পরিস্থিতি দেখে এমন প্রশ্নই তুলছে বিশ্ববাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যস্থতায় সংঘর্ষবিরতির ঘোষণার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ লেবাননে ফের বৃষ্টির মতো আছড়ে পড়ল ইজরায়েলি মিসাইল। এই নয়া হামলায় এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শুক্রবারের হামলায় প্রাণ হারিয়েছেন দুই মহিলা সহ চারজন। অন্য এক হামলায় দুই শিশু ও একজন উদ্ধারকারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নাবাতিয়েহ জেলার তিনটি গ্রামে ১১ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েকমাসে ইজরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা ইতিমাজেই ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। বেইরুটসহ বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান (Iran) ও ইজরায়েলের (Israel) মধ্যে সংঘাতের পর থেকেই হেজবুল্লা ও ইজরায়েলের মধ্যে লড়াই চরম আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক স্তরে আলোচনা চললেও ফল মেলেনি। এর নেপথ্যে রয়েছে ইরান-আমেরিকা ঠান্ডা লড়াই। তেহরান স্পষ্ট জানিয়েছে, পরমাণু আলোচনায় ফিরতে হলে তাদের দুটি শর্ত মানতে হবে। প্রথমত, লেবানন ও ইরানে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে এবং দ্বিতীয়ত, হরমুজ প্রণালী থেকে মার্কিন অবরোধ তুলতে হবে। কিন্তু আমেরিকা বা ইজরায়েল—কেউই এই শর্তে কর্ণপাত করেনি।
পশ্চিম এশিয়ার এই ক্রমবর্ধমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সহ বিশ্বের ৩০টি দেশ। ট্রাম্পের সংঘর্ষবিরতি ঘোষণাকে অনেকেই শান্তির বার্তা হিসেবে দেখেছিলেন, কিন্তু ইজরায়েলের সাম্প্রতিক ‘আক্রমণের ঝাঁজ’ বাড়ানোর নীতি সেই আশায় জল ঢেলে দিয়েছে। গাজার পর এবার কি লেবাননও দীর্ঘস্থায়ী যুদ্ধের শিকার হতে চলেছে? এই আশঙ্কাই এখন বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
