নয়াদিল্লি: ‘তোমাদের সবার উঠে আসা দেশের নানা প্রান্ত থেকে। ভিন্ন সামাজিক অবস্থান থেকে। এবং ভিন্ন পরিস্থিতি থেকে। তারপরও দল হিসেবে তোমাদের পরিচয় একটাই-ভারত। তোমারা তুলে ধরেছে ভারতের শ্রেষ্ঠ ছবি।’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এভাবেই বর্ণনা করলেন হরমনপ্রীত কাউরের বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার রাষ্ট্রপতি। বিশ্বজয়ের পর গতকাল মোদির সঙ্গে সাক্ষাৎ পর্ব সেরেছিলেন স্মৃতি মান্ধানারা। বৃহস্পতিবার তাঁদের গন্তব্য ছিল রাষ্ট্রপতি ভবন। সেখানে দ্রৌপদীর হাতে হরমনরা তুলে দিলেন নিজেদের সই করা ভারতীয় দলের জার্সি।
৫০ ওভারের ক্রিকেটে রিচা ঘোষদের এই বিশ্বজয়ের প্রভাব সুদূরপ্রসারী। প্রেরণা জোগাবে আগামী প্রজন্মের মেয়েদের। একথা উল্লেখ করে রাষ্ট্রপতির মন্তব্য, ‘তোমরা আগামী প্রজন্মের রোল মডেল। বিশেষ করে মেয়েরা জীবনে এগিয়ে যাওয়ার পথে প্রেরণা পাবে তোমাদের এই জয় থেকে।’
তবে এখানেই থেমে যাওয়া নয়। এ এক নতুন যুগের শুরু। তাই দীপ্তি শর্মাদের ওপর ভরসা দেখিয়ে দ্রৌপদী আশাবাদী, ভবিষ্যতেও এভাবেই বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট বজায় রাখবেন তাঁরা।
সেমিফাইনাল এবং ফাইনালে জয়ের পর জেমিমা রডরিগেজ-স্মৃতিরা স্বীকার করেছিলেন বিশ্বকাপের সময় ঘুমহীন চোখে তাঁদের একাধিক রাত কেটেছে। সেই প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেছেন, ‘এমনও সময় গিয়েছে, যখন ওরা রাতে ঘুমোতে পারেনি। তবে শেষপর্যন্ত ওরা সব বাধা অতিক্রম করতে পেরেছে।’
তবে দ্রৌপদীর মতে, নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারাটাই দৃঢ় বিশ্বাস জুগিয়েছিল ভারতবাসীর মনে। তাঁর কথায়, ‘তখনই বুঝেছিলাম আমাদের মেয়েরা পারবে।’
রাষ্ট্রপতির কথায় উঠে আসে ভারতীয় দলের হেড কোচ অমল মজুমদার, সহকারী কোচ এবং সাপোর্ট স্টাফদের প্রশংসাও।
