কলকাতা: আগামী বছর ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ। তার আগে চলতি বছরে ভারতে বসছে মহিলা বিশ্বকাপের আসর। সেপ্টেম্বরে হতে চলা মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ভাইজাগে। ইডেন গার্ডেন্স অবশ্য মহিলা বিশ্বকাপের কোনও ম্যাচ পাচ্ছে না। ভাইজাগ ছাড়া বাকি কেন্দ্রগুলি হল পাঞ্জাবের মুল্লানপুর, ইন্দোর, তিরুবনন্তপুরম ও গুয়াহাটি। পাকিস্তান এখনও বিশ্বকাপের যোগ্যতার্জন করতে পারেনি। পাকিস্তান বিশ্বকাপের টিকিট পেলে বিশ্বকাপ আয়োজনে জট তৈরি হতে পারে। উঠে আসতে পারে হাইব্রিড মডেলের সম্ভাবনাও। কারণ সেক্ষেত্রে পাকিস্তান নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।
শনিবার কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিশ্বকাপ ছাড়াও একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় পুরুষ দলের একাধিক হোম সিরিজের ক্রীড়াসূচি ঠিক হয়েছে এদিনের বৈঠকে। মহিলা বিশ্বকাপের ম্যাচ থেকে ‘সিটি অফ জয়’ বঞ্চিত হলেও অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অনুষ্ঠিত হবে ইডেনে। দুর্গাপুজোর পর সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কলকাতায় (১০-১৪ অক্টোবর)। ওয়েস্ট ইন্ডিজ-ভারত দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট আয়োজনের দায়িত্ব পাচ্ছে মোহালি।
ওয়েস্ট ইন্ডিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে গৌতম গম্ভীরের ভারতীয় ব্রিগেড। নভেম্বরের যে সিরিজে একটি টেস্ট পাচ্ছে বর্তমান বোর্ড সচিব দেবজিৎ সইকিয়ার শহর গুয়াহাটি (২২-২৬ নভেম্বর)। প্রথম টেস্ট দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টেস্ট দ্বৈরথের পর প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি টিম ইন্ডিয়া। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে রাঁচি (৩০ নভেম্বর), রাইপুর (৩ ডিসেম্বর), ভাইজাগ (৬ ডিসেম্বর)।
পূর্ণাঙ্গ ভারত সফরে ৫টি টি২০ ম্যাচও খেলবে দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে ২০২৬ সালে টি২০ বিশ্বকাপের আসর। সিরিজে তারই আগাম প্রস্তুতি কিছুটা ঝালিয়ে নেওয়ার সুযোগ হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, আইডেন মার্করামদের। পাঁচটি টি২০ পাচ্ছে যথাক্রমে কটক (৯ ডিসেম্বর), নাগপুর (১১ ডিসেম্বর), ধরমশালা (১৪ ডিসেম্বর), লখনউ (১৭ ডিসেম্বর) ও আহমেদাবাদ (১৯ ডিসেম্বর)। দলীপ ট্রফি নিয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী মরশুমে আঞ্চলিক ফর্ম্যাটে ফিরতে চলেছে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট।
এদিকে, সৌদি আরবের সম্ভাব্য টি২০ লিগ নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ বিসিসিআই। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল পরিষ্কার জানিয়ে দিলেন, পুরোটাই এখন জল্পনার স্তরে। আর কোনও গুজব নিয়ে কিছু এখনই প্রতিক্রিয়ায় রাজি নন। বৈঠক শেষে ধুমল বলেছেন, ‘জল্পনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার যুক্তি নেই। আমাদের কাছে যতটুকু খবর, এই ধরনের টুর্নামেন্ট করার তো পরিকাঠামো নেই ওদের।’
