India vs Uruguay | ডারউইন নুনেজদের সামনে দাঁড়াতেই পারল না ভারত; উরুগুয়ের কাছে বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ল খালিদের শিষ্যরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ চার দিনের ব্যবধানে ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্বমানের দুই লাতিন আমেরিকান দলের বিরুদ্ধে খেলতে নেমে ফিটনেস ও ক্লান্তির চরম দুর্দশার ছবি দেখল ভারতীয় ফুটবল দল (India vs Uruguay)। এর আগে ব্রাজিলের কাছে ৪ গোল খাওয়ার পর, এবার উরুগুয়ের বিরুদ্ধে আরও শোচনীয় হার মানল ভারত। প্রথমার্ধে লড়াই চালালেও দ্বিতীয়ার্ধে ক্লান্তিতে পুরোপুরি ভেঙে পড়ে ভারতীয় রক্ষণ। শেষ পর্যন্ত ডারউইন নুনেজদের বিরুদ্ধে ১-৬ গোলে বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হলো খালিদ জামিলের শিষ্যদের। এই ম্যাচে ভারতের একমাত্র প্রাপ্তি অনিরুদ্ধ থাপার করা গোলটি।

ব্রাজিল ম্যাচের পর উরুগুয়ের বিরুদ্ধেও কোচ খালিদ জামিল গোলরক্ষক গুরপ্রীত সিং সঁধুর ওপর ভরসা রাখলেও, তিনি ফের চরম হতাশ করেন। ম্যাচের শুরু থেকেই উরুগুয়ে আধিপত্য বিস্তার করলেও ৫ মিনিটের পর খেলায় ফেরে ভারত। দুই প্রান্ত দিয়ে মনবীর সিং ও আশিক কুরুনিয়নরা কয়েকটি ভালো আক্রমণ শানান। কিন্তু ১০ মিনিটের মাথায় বক্সের মধ্যে প্রতি-আক্রমণ সামলাতে গিয়ে ফাউল করে বসেন পরমবীর। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি লিভারপুলে খেলা তারকা স্ট্রাইকার ডারউইন নুনেজ।

পিছিয়ে পড়েও দমে যায়নি ভারত। ২৩ মিনিটে রায়ান উইলিয়ামসের শট গোলরক্ষক বাঁচালেও ফিরতি বল থেকে দারুণ গোল করে সমতা ফেরান মোহনবাগানের অনিরুদ্ধ থাপা। গোলের পর ভারতীয় শিবিরের উল্লাস বুঝিয়ে দিয়েছিল এর গুরুত্ব কতটা। এর পরেই হঠাৎ প্রবল বজ্রপাতের কারণে খেলা প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে। বৃষ্টি থামার পর খেলা শুরু হতেই ফের ধাক্কা খায় ভারত। ২৯ মিনিটে ম্যাক্সি আরাউহোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে। প্রথমার্ধে লড়াই চালিয়েও ১-২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।

খেলার দ্বিতীয়ার্ধে স্পষ্ট বোঝা যায় যে, টানা ম্যাচ খেলার ক্লান্তি গ্রাস করেছে ভারতীয় ফুটবলারদের। ৫৩ মিনিটে সালাজারের দুর্বল শট গুরপ্রীতের হাতের নীচ দিয়ে গোলে ঢুকে যায়। ব্রাজিল ম্যাচের মতো এ ক্ষেত্রেও প্রথম পোস্টে ব্যর্থ হন গুরপ্রীত। এরপর ৫৭ মিনিটে আরাউহো নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন। একের পর এক দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল হজম করতে হয় ভারতীয় গোলরক্ষককে।

৭১ মিনিটে পঞ্চম গোল করার পর গুরপ্রীতকে তুলে আলবিনো গোমসকে নামান কোচ খালিদ, তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। ৮৬ মিনিটে আগুইরের দূরপাল্লার শট জালে জড়ালে ১-৬ গোলের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে ভারত। ডারউইন নুনেজদের দাপটে এবং ডিয়েগো ফোরলানের দলের সামনে ভারতীয় দলের প্রস্তুতির অভাব এবং ক্লান্তির ছবিটা এ দিন জলের মতো স্পষ্ট হয়ে গেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *