লিঙ্কনের ঝোড়ো হাওয়াতেও ব্যাট হাতে ঝড় তুললেন দেবদত্ত পাড়িক্কল। নিউজিল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের তৃতীয় দিনে তাঁর ১৯৯ রানের দুরন্ত ইনিংসে ম্যাচে চালকের আসনে ভারত ‘এ’। তবে ডবল সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থামতে হল তাঁকে। চা পানের বিরতির ১০ মিনিট আগে জাক গিবসনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁ হাতি ব্যাটার।
যদিও আম্পায়ারের সিদ্ধান্তে একেবারেই খুশি ছিলেন না পাড়িক্কল। আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ তর্কও করেন। বলের সঙ্গে ব্যাটের দূরত্ব অনেকটাই ছিল, এমন ইঙ্গিতও করতে দেখা যায় তাঁকে। ২৪৮ বলে ১৯৯ রান করেন পাড়িক্কল। স্ট্রাইক রেট ৮০.২৪। ইনিংসটি সাজানো ২৪টি চার ও তিনটি ছয় দিয়ে। তাঁর ব্যাটিংয়েই ম্যাচের ছবিটা কার্যত বদলে গিয়েছে। প্রথম দু’দিনের বেশির ভাগ সময়ই পিছিয়ে ছিল ভারত ‘এ’। প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে গুটিয়ে যাওয়ার পরে নিউজিল্যান্ড ‘এ’ প্রথম ইনিংস তোলে ৩১৭ রানে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ইনিংসে বড় রান করার প্রয়োজন ছিল ভারতের। ব্যাট হাতে সেই দায়িত্বই নিজ কাঁধে তুলে নেন পাড়িক্কল।
আরও পড়ুন:
কিউয়ি পেসারদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। কভার অঞ্চলে বলের লাইনে গিয়ে শট খেলা থেকে শুরু করে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে নেওয়া – সবেতেই নজর কেড়েছেন তিনি। প্রতিকূল আবহাওয়াও তাঁর ব্যাটিংয়ে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। পাডিক্কলের সঙ্গে জুটি বেঁধে ভারতকে লড়াইয়ে ফেরান সাই সুদর্শনও। সিরিজের প্রথম প্রস্তুতি ম্যাচে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। এদিনও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারলেন না। ভারতের দ্বিতীয় ইনিংসের ৬২তম ওভারে ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে ৯১ রানে আউট হন সুদর্শন। পাড়িক্কলের সঙ্গে তাঁর জুটিতে ওঠে ২১৫ রান।
🤯 Devdutt Padikkal was dismissed on 199 after a controversial umpiring determination on a supply that appeared large No DRS in unofficial Exams https://t.co/mn6B6nKtoT
— SaffronSoul (@TheRealDharm) October 26, 2026
সুদর্শন ফেরার পরে পাডিক্কলের সঙ্গে জুটি বাঁধেন আর এক বাঁ হাতি ব্যাটার যশ রাঠোড় (৬৬)। ১৪২ বলে ১৪২ রান যোগ করে তারা। তাঁদের এই জুটিতেই ভারতের লিড দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যায়। অথচ দ্বিতীয় দিনের শুরুতে চরম বিপাকে পড়েছিল ভারত ‘এ’। প্রথম পাঁচ ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। বাউন্সারে বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন জয়সওয়াল। হিট উইকেট হন রাহুল। সেই ধাক্কা সামলে ভারতকে ম্যাচে ফেরানোর কৃতিত্ব অবশ্যই পাড়িক্কল ও তাঁর সতীর্থদের।
লাল বলের ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করে চলেছেন পাড়িক্কল। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ছন্দে ছিলেন। প্রথমে ভারতীয় দলের পরিকল্পনায় না থাকলেও আগস্টে সুদর্শনের চোটের কারণে তাঁর জন্য টেস্ট দলের দরজা খুলে যায়। সুযোগ কাজে লাগান তিনি। এবার নিউজিল্যান্ডের মাটিতেও তাঁর ব্যাট চলছে। ডবল সেঞ্চুরি অধরা থাকলেও তাঁর ১৯৯ রানের ইনিংসে ভর করে ভারত ‘এ’ দল ২৮৪ রানের লিড নিয়েছে। তৃতীয় দিনের শেষে ভারত ‘এ’ দলের রান ৮ উইকেটে ৪৮৮। ৫১ রানে অপরাজিত রয়েছেন ওয়াশিংটন সুন্দর। শেষের দিকে কার্যকরী ইনিংস খেলেন অংশুল ক্ম্বোজ (২৩) এবং আকিব নবি (৩৮)। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে চতুর্থ দিন ভারত ‘এ’ দল নামবে জয়ের লক্ষ্য নিয়ে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
