উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জয়ের মোমেন্টাম ধরে রেখে সিরিজ পকেটে পুরতে নেমেছিল ভারত (IND-NZ T20 Collection)। কিন্তু বুধবার বিশাখাপত্তনমের বাইশ গজে ঘটল উলটপুরাণ। টস জিতে প্রথমে ব্যাটিং করে ২১৫ রানের পাহাড় খাড়া করেছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারতীয় ইনিংস। কিউয়িদের কাছে ৫০ রানে হেরে গেল ভারত।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়। ২০ ওভার শেষে ৭ উইকেটে ২১৫ রান তোলে তারা। ভারতীয় বোলাররা রান আটকানোর কোনো দাওয়াই খুঁজে পাননি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা হয় বিভীষিকার মতো। ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরিকে ছক্কা মারতে গিয়ে শূন্য রানে ফেরেন অভিষেক শর্মা।
এই ম্যাচে সবার নজর ছিল সঞ্জু স্যামসনের ওপর। শুরুটা মারকুটে মেজাজে করলেও ফের প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি। তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ২৪ রান করে স্যান্টনারের বলে বোল্ড হন সঞ্জু। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও এদিন ব্যাট হাতে চরম ব্যর্থ। মাত্র ৮ রান করে ডাফির শিকার হন তিনি। হার্দিক পাণ্ডিয়াও (২) বড় রান পেতে ব্যর্থ হওয়ায় চাপ বাড়ে মিডল অর্ডারের ওপর।
একটা সময় মনে হচ্ছিল ভারত ১০০ রানও পেরোবে না। সেখান থেকে রিঙ্কু সিং (৩৯) পালটা লড়াই শুরু করেন। কিন্তু ফোক্সের বলে লাইন মিস করে তিনি ফিরতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ দিকে শিবম দুবে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়েছিলেন, কিন্তু অপর প্রান্ত থেকে যোগ্য সঙ্গত পাননি। ৫০ রানের বড় পরাজয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারাটা ফের একবার সামনে এল।
