উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মৃত্যুর পর রাস্তা অবরোধ ঘিরে ধুন্ধুমার বিহারের (Bihar) রাজধানী পটনা (Patna)। মর্মান্তিক এক সড়ক মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে মাসাউরী মোড় এলাকা। বিক্ষুব্ধ জনতার তাণ্ডবে রণক্ষেত্রের রূপ নেয় গোটা চত্বর। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার পাশাপাশি পুলিশচৌকি ভাঙচুর এবং একাধিক সরকারি ও বেসরকারি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ৩০ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। যুবকের দেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। মুহূর্তের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম জাতীয় সড়ক, যার জেরে আটকে পড়ে অজস্র যানবাহন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ওই দুর্ঘটনাপ্রবণ মোড়ে নিয়মিত দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনও স্থায়ী সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বহুবার জানিয়েও সুরাহা না মেলায় এ দিন ক্ষোভের বিস্ফোরণ ঘটে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করতে গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
পুলিশ (Police) ভিড় হঠানোর চেষ্টা করতেই বিক্ষুব্ধ জনতা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে তারা। উন্মত্ত জনতার দল এরপর তেড়ে গিয়ে একটি পুলিশচৌকি ভাঙচুর করে। শুধু তাই নয়, পুলিশের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে সেগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

