উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (India vs New Zealand) পঞ্চম তথা শেষ ম্যাচ আজ শনিবার (IND-NZ fifth T20)। সিরিজের ফয়সালা আগেই হয়ে গেলেও ভারতের কাছে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে এটাই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। সঞ্জু স্যামসনের (Sanju Samson) ঘরের মাঠ তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে তাই জয় দিয়ে সিরিজ শেষ করতে মরিয়া ভারতীয় শিবির।
কেরালার ঘরের ছেলে সঞ্জু স্যামসনকে নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও তাঁর সাম্প্রতিক ফর্ম চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। গত ম্যাচে ভাল শুরু করেও ২৪ রানে আউট হয়ে গিয়েছেন তিনি। তবে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক স্পষ্ট করে দিয়েছেন যে, সঞ্জুর ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি জানান, “সঞ্জু কী করতে পারে তা আমরা জানি। ওকে মানসিকভাবে চাঙ্গা রাখার কাজ চলছে।” ফলে সঞ্জুকে বাদ দেওয়ার যে জল্পনা চলছিল, তাতে জল ঢেলে দিয়ে কোচ বুঝিয়ে দিয়েছেন ঘরের মাঠে প্রথম একাদশেই থাকছেন তিনি।
সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন কোচ গৌতম গম্ভীর। ওপেনিং জুটিতে প্রত্যাশামতো পারফরম্যান্স না আসায় ওপেন করতে দেখা যেতে পারে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে। তিন নম্বরে ঈশান কিশনের ফেরার সম্ভাবনা প্রবল। বোলিং বিভাগে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে হর্ষিত রানাকে দেখে নিতে পারে ভারতীয় শিবির। স্পিন বিভাগে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর সঙ্গে আট নম্বরে ফিরতে পারেন অক্ষর পটেল।
