উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার জেদকে কেন্দ্র করে এবার সরাসরি সংঘাতে নামল আইসিসি (ICC Reacts to Pakistan)। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে ‘বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী’ বলে অভিহিত করে কার্যত কড়া হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি স্পষ্ট জানিয়েছে, তারা পাকিস্তানের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশা রাখছে, কারণ এটি বিশ্ব ক্রিকেটের ভারসাম্য নষ্ট করতে পারে।
আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি দেশের সরকারি নীতিকে তারা সম্মান করে। কিন্তু ভারত-পাক ম্যাচ বয়কটের এই সিদ্ধান্ত কোনোভাবেই ক্রিকেটপ্রেমীদের ভালোর কথা ভেবে নেওয়া হয়নি। আইসিসি-র মতে, পাকিস্তানের এই সিদ্ধান্তে তাদের নিজস্ব সমর্থকেরাও বঞ্চিত হবেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পিসিবি-র বোঝা উচিত তাদের এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। পাকিস্তান নিজেই বিশ্ব ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং এর সুবিধাভোগী, তাই এই সিদ্ধান্ত বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে।”
আইসিসি আরও জানিয়েছে যে, একটি বৈশ্বিক প্রতিযোগিতায় ‘বাছাই করা ম্যাচ’ খেলার অবস্থান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিযোগিতার মূল ভিত্তিই হলো যোগ্যতা অর্জনকারী প্রতিটি দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে অংশগ্রহণ করবে। পাকিস্তানের এই খামখেয়ালি আচরণ আন্তর্জাতিক ক্রীড়া জগতের শিষ্টাচারের বিরোধী।
বিবৃতিতে সাফ জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা যেমন আইসিসি-র অগ্রাধিকার, ঠিক তেমনি পিসিবি-সহ প্রতিটি সদস্য দেশেরও এটি বড় দায়িত্ব। আইসিসি আশা করে, পাক বোর্ড একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে যা বিশ্বকাপের সঙ্গে যুক্ত সকলের স্বার্থ রক্ষা করবে। অন্যথায় আইসিসি যে বড় কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না, তার ইঙ্গিতও দিয়ে রাখা হয়েছে।
